সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি। সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথাও ছিল তামিমের। এমনকি সভাপতি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। সে সময় নির্বাচনী প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন এই সাবেক অধিনায়ক। সম্প্রতি ‘সামিরস্কেন’ পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, তিনি কি বিসিবি সভাপতি হতে চান? জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।’ পাল্টা প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা তার আছে কি না। উত্তরে তামিম বলেন, ‘আমি মনে করি আছে। অবশ্যই মনে করি।’ কেন তিনি সভাপতি হতে চান, সেটির ব্যাখ্যাও দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তামিম বলেন, ‘আমার সামর্থ্যের কারণে একজন সংগঠক হিসেবে ক্রিকেট মহলে সবাই আমার ধারণা সম্পর্কে জানে। অভিজ্ঞতা বা বয়সের চেয়েও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্দেশ্য। দেখছেন না, সবচেয়ে অভিজ্ঞ লোকেরাও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিলেন তারা, কিন্তু বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো অভিজ্ঞদের ওপর বিশ্বাস করা হয়েছে, এবার একবার আমার মতো অনভিজ্ঞদের ওপরও বিশ্বাস করে দেখুন।’ বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তামিম। জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত বদলে একটি ওয়ানডে ম্যাচ খেলেন। তবে এরপর আর জাতীয় দলে ফেরেননি। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হন তামিম। গুরুতর হার্ট অ্যাটাকের পর থেকে মাঠের ক্রিকেটে আর দেখা যায়নি তাকে। তবে ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। নতুন সরকার গঠনের পর বিসিবিতেও পরিবর্তনের আভাস মিলছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে তামিমের সভাপতি হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
ক্রিকেট
সুযোগ পেলে সভাপতি হতে চান তামিম
সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি। সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথাও ছিল তামিমের। এমনকি সভাপতি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল।
Printed Edition