জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছে ইংল্যান্ড। আদিল রশিদের নিয়ন্ত্রিত বোলিং ও স্যাম কারানের হ্যাটট্রিকে লঙ্কানদের ১৩৩ রানে আটকে ফেলে ইংলিশরা। তারা লক্ষ্য তাড়ায় নেমে ১৫ ওভারে ১২৫ রান করতেই আবারও বৃষ্টি নামে। বৃষ্টি আইনে ১১ রানে বিজয়ী ঘোষণা করা হয় সফরকারীদের। অবশ্য শ্রীলংকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে প্রথমে স্বাগতিকদের ওয়ানডে সিরিজে হারায় ইংল্যান্ড। এর আগে পাল্লেকেলে বৃষ্টির কারণেই খেলা ১৭ ওভারে কমিয়ে আনা হয়েছিল। কারানের হ্যাটট্রিকে চার বল বাকি থাকতেই শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন কুশল মেন্ডিস। বিপরীতে আদিল রশিদ ও স্যাম কারান ৩টি করে উইকেট নিয়েছেন। লক্ষ্য তাড়া করা ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ফিল সল্ট। যাতে ভর করে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। শ্রীলংকা টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ের ইঙ্গিত দিলেও ২৪ রানে ওপেনার কামিল মিশারাকে (৯ বলে ১৬) হারায়। পাথুম নিশাঙ্কাকে রান তুলতে বেশ সংগ্রাম করতে হচ্ছিল। অন্যপ্রান্তে রানের গতি বাড়াতে থাকেন কুশল মেন্ডিস।