টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সুপার এইটে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দলটি। পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তোলে ১৬৪ রান, জবাবে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা। অবশ্য রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। পাওয়ার প্লের মধ্যেই ফিরেন ফিল সল্ট (০), জস বাটলার (৩) ও জ্যাকব বেথেল (৮)। টম ব্যান্টনও বেশি সময় টিকতে পারেননি, করেন মাত্র ২ রান। চাপে পড়া দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি ব্রুক। স্যাম কারান ও উইল জ্যাকস তাকে সঙ্গ দেয়ার চেষ্টা করেন।কারান ১৬ রান করে বিদায় নিলেও ব্রুক একপ্রান্ত আগলে রেখে খেলেন দারুণ ইনিংস। মাত্র ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি, ৫১ রানে আউট হন তিনি। উইল জ্যাকস করেন ২৮ রান। শেষ দিকে ছোট ছোট অবদান রেখে জয় নিশ্চিত করেন বাকিরা। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তবে শুরুটা ছিল হতাশাজনক। সাইম আইয়ুব ৭ রান করে জোফরা আর্চারের শিকার হন। অধিনায়ক সালমান ফেরেন ৫ রানে। চাপ সামাল দেন সাহিবজাদা ফারহান ও বাবর আজম। বাবর ২৫ রান করলেও ফারহান খেলেন ৬৩ রানের ঝকঝকে ইনিংস, ৪৫ বলে সাজানো তার ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে গতি হারায় পাকিস্তান। ফখর জামান ২৫ ও শাদাব খান ২৩ রান যোগ করে স্কোর কিছুটা এগিয়ে নেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৪ রানেই থামে তাদের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন নেন তিন উইকেট। জোফরা আর্চার ও জেমি ওভারটন শিকার করেন দুটি করে উইকেট। টানা দুই জয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড এখন সেমিফাইনালের অপেক্ষায়। অন্যদিকে, পাকিস্তানের সামনে সমীকরণ কঠিন হয়ে উঠেছে। এই জয়ে দুই ম্যাচ থেকে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়াল ৪। ফলে গ্রুপের বাকি দলগুলোর পক্ষে আর তাদের টপকানো সম্ভব নয়। পাকিস্তানেরক ঝুলিতে দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট, শেষ ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ ৩ পয়েন্ট হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ এবং শ্রীলঙ্কা এখনো পয়েন্টশূন্য। তারা একে অপরের মুখোমুখি হওয়ায় সমীকরণে ইংল্যান্ডের অবস্থান অটুট থাকছে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৬৪/৯ (সাহিবজাদা ৬৩, সাইম ৭, সালমান আলি ৫, বাবর ২৫, ফাখার ২৫, শাদাব ২৩, উসমান ৮, নাওয়াজ ০, আফ্রিদি ২, সালমান মির্জা ২*; আর্চার ৪-০-৩২-২, ওভারটন ৩-০-২৬-২, ডসন ৪-০-২৪-৩, কারান ৩-০-২৪-০, রাশিদ ৪-০-৩১-১, জ্যাকস ২-০-২৭-০)

ইংল্যান্ড: ১৯.১ ওভারে ১৬৬/৮ (ফিল সল্ট ০, বাটলার ২, ব্রুক ১০০, বেথেল ৮, ব্যান্টন ২, কারান ১৬, জ্যাকস ২৮, ওভারটন ০, ডসন ১*, আর্চার ৫*, আফ্রিদি ৪-০-৩০-৪, সালমান মির্জা ৩.১-০-২৬-০, সাইম ২-০-২১-০, নাওয়াজ ৩-০-২৬-২, শাদাব ৩-০-৩১-০, তারিক ৪-০-৩১-২)

ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হ্যারি ব্রুক।