দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালের আগস্টে অনুষ্ঠেয় এই দুই ম্যাচের টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু বুধবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
উত্তর অস্ট্রেলিয়ার ট্রপিক্যাল কন্ডিশনকে কাজে লাগিয়ে শীতকালীন এই সফরের আয়োজন করছে তারা।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনের মারানা স্টেডিয়ামে। ২০০৪ সালের পর এই ভেন্যুতে আর কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
সর্বশেষ ২০০৩ সালে বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়া সফর করেছিল, তখনও তারা এই ডারউইনেই ম্যাচ খেলেছিল।
দীর্ঘ বিরতির পর ডারউইনের ক্রিকেট ভক্তরা আবারও সাদা পোশাকের ক্ল্যাসিক লড়াই দেখার সুযোগ পাচ্ছেন।
সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২২ আগস্ট, কুইন্সল্যান্ডের ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। এই ম্যাচটির মাধ্যমে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাকের।
সাম্প্রতিক সময়ে এই মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ দল ও নারী দলের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হলেও টেস্ট ক্রিকেটের আভিজাত্য এবারই প্রথম স্পর্শ করতে যাচ্ছে এই ভেন্যু।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানান, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেও উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ফেরানো একটি বড় অর্জন।
তিনি বলেন, ‘আগস্ট মাসে এই অঞ্চলের চমৎকার আবহাওয়া ও বিশ্বমানের সুযোগ-সুবিধা টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ। আমরা বাংলাদেশকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’
এক নজরে সিরিজের সূচি:
১ম টেস্ট: ১৩–১৭ আগস্ট ২০২৬, সকাল ১০টা, মারানা স্টেডিয়াম, ডারউইন
২য় টেস্ট: ২২–২৬ আগস্ট ২০২৬ সকাল ১০টা, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০০৩ সালের সেই সফরের পর বর্তমানের আত্মবিশ্বাসী বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কন্ডিশনে কেমন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সেটিই এখন দেখার বিষয়।