জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার শাই হোপের ব্যাটিং ও পেসার শামার জোসেফের বোলিং নৈপুন্যে সহজ জয় পেয়েছে দলটি। গতকাল ‘সি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানে হারিয়েছে ইতালিকে। ৪ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে খেলবে ক্যারিবীয়রা। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে হার দিয়ে আসর শেষ করল ইতালি। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ হয়েছে ইতালি। তাদের একমাত্র জয় নেপালের বিপক্ষে, ১০ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩১ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্র্যান্ডন কিং ৪ ও শিমরোন হেটমায়ার ১ রান করেন। তৃতীয় উইকেটে ৫০ বলে ৬৪ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপমুক্ত করেন হোপ ও রোস্টন চেজ। ২৫ বলে ২৪ রানে চেজ ফিরলেও, টি-টোয়েন্টিতে দশম হাফ-সেঞ্চুরি তুলে আউট হন হোপ। ৬টি চার ও ৪টি ছক্কায় ৪৬ বলে ৭৫ রান করেন ক্যারিবীয় দলনেতা। ডেথ ওভারে শেরফানে রাদারফোর্ডের ২ চার ও ১ ছক্কায় ১৫ বলে অনবদ্য ২৪ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। ইতালির বেন মানেন্তি ও কৃশান কালুগামাগে ২টি করে উইকেট নেন। জবাবে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইতালি। ৭৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি। দলের হয়ে বেন মানেন্তি সর্বোচ্চ ২৬ ও জেজে স্মুটস ২৪ রান করেন। শামার ৩০ রানে ৪টি ও ম্যাথু ফোর্ড ১৯ রানে ৩টি উইকেট নেন। পুরুষ ও নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৪টি করে উইকেট ও ক্যাচ নিলেন শামার। ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। সুপার এইটে গ্রুপ-১’এ জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৫/৫ (কিং ৪, হোপ ৭৫, হেটমায়ার ১, চেইস ২৪, পাওয়েল ৯, রাদারফোর্ড ২৪*, হোল্ডার ৯, ফোর্ড ১৬*; স্মাটস ৪-০-২৭-০, হাসান ৩-০-২৪-১, ড্রাকা ২-০-২২-১, স্টুয়ার্ট ৩-০-৩০-০, বেন ম্যানেন্টি ৪-০-৩৭-২, কালুগামাগে ৪-০-২৫-২)।

ইতালি : ১৮ ওভারে ১২৩ (জাস্টিন মোস্কা ২, অ্যান্থনি মোস্কা ১৯, নাকভি ৬, স্মাটস ২৪, হ্যারি ম্যানেন্টি ৮, বেন ম্যানেন্টি ২৬, স্টুয়ার্ট ১২, মিড ৪, কালুগামাগে ২*, ড্রাকা ৫, হাসান ০ ; আকিল ৩-০-২৫-১, ফোর্ড ৪-০-১৯-৩, হোল্ডার ৩-০-১৯-০, মোটি ৪-০-২৪-২, জোসেফ ৪-০-৩০-৪)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: শেই হোপ।