অনেক নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। হাইভোল্টেজ এই ম্যাচের আগেই অন্য একটি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। থাইল্যান্ডের ব্যাংককে চলমান রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই পাকিস্তানকে ধাক্কা দেন সাইমা ঠাকুর। ফিরিয়ে দেন ইউসরা আমিরকে। এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। মাঝের দিকের ওভারে রাধা যাদব এবং প্রেমা রাওয়াত দুর্দান্ত বোলিং করেন। পাকিস্তানের হয়ে শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ২৩ রান করেছেন। শেষ পর্যন্ত ৯৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাইমা, রাধা এবং প্রেমা। একটি করে উইকেট পেয়েছেন জিন্টিমণি কলিটা এবং মিন্নু মণির।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই ভারত হারায় হুমাইরা কাজিকে। কিন্তু দলকে বিপদে পড়তে দেননি দীনেশ বৃন্দা এবং অনুষ্কা শর্মা। বৃন্দা ২৯ বলে ৫৫ রান করেছেন। মেরেছেন ১২টি চার। অনুষ্কা ২৪ রান করে আউট হন। চারে নেমে তেজল হাসনবিশ একটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৫ বলে ১২ রান করেন।