ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের আগে অনুশীলন সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নামিবিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাতের অনুশীলনের সুযোগ না পাওয়ায় দলটির অধিনায়ক জেরার্ড ইরাসমাস আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরাসমাস জানান, ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুটি রাতের অনুশীলন সেশন ছিল। এমনকি কানাডাকেও রাতের অনুশীলন করতে দেখা গেছে। অথচ নামিবিয়াকে সে সুযোগ দেয়া হয়নি। বিষয়টিকে তিনি বিস্ময়কর বলে মন্তব্য করেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে দিনের ম্যাচ খেলার পর নামিবিয়া পরবর্তী দুই দিনও দিনে অনুশীলন করে। অথচ ভারতের বিপক্ষে ম্যাচটি হবে পুরোপুরি ফ্লাডলাইটের আলোতে। ইরাসমাসের মতে, এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, নামিবিয়ায় ফ্লাডলাইট সুবিধা নেই। ফলে রাতের ম্যাচ খেলার অভিজ্ঞতাও দলটির অনেক ক্রিকেটারের সীমিত। তিনি আরও বলেন, নেপাল প্রিমিয়ার লিগ, আইএল টি-টোয়েন্টি বা বিশ্বকাপে যারা খেলেছে, তারাই মূলত আলোতে খেলার অভিজ্ঞতা পেয়েছে। অন্যদের জন্য এটি সহজ নয়।
তবে আইসিসি অভিযোগ নাকচ করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ২৭ জানুয়ারি সব দলের অনুশীলন সূচি আগেই জানানো হয়েছিল। নামিবিয়ার পক্ষ থেকে রাতের অনুশীলনের অনুরোধ দেরিতে আসায় সূচি পরিবর্তন সম্ভব হয়নি। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব জিতে বিশ্বকাপে জায়গা করে নেয়া নামিবিয়া প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে চাপে রয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষে তাদের বাকি দুটি ম্যাচই হবে দিনের আলোতে।