রাজনৈতিক কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর ঘটনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়াও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শনিবার তিনি বলেছেন, মোস্তাফিজের বিষয়টি দুঃখজনক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত হবে বিসিসিআই এর সঙ্গে আলোচনা করা। মোস্তাফিজের বিষয়ের পরে সামনের বিশ্বকাপ ভারতে খেলতে গেলে আমাদের ক্রিকেটারদের ঝুঁকি থাকবে। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকে বাংলাদেশের। দুই দেশের উগ্রবাদীরা সেই সম্পর্ক আরও জটিল করে তুলছে। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দল পাওয়ার পর থেকেই মোস্তাফিজকে বাদ দিতে উঠেপড়ে লেগেছিল ভারতের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী। টাইগার পেসারকে দলে ভেড়ানোয় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে তো হুমকি দিচ্ছিলই, পাশাপাশি স্টেডিয়ামেও ভাংচুর চালানোর হুমকি দিয়ে যাচ্ছিল তারা এতদিন এ বিষয়ে বিসিসিআই স্পষ্ট কোনো বার্তা না দিলেও শনিবার মোস্তাফিজকে বাদ দিতে কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে। বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচের সবকটি ভারতেই খেলবে।