বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল জয়ের ধারা অব্যাহত রেখেছে। নেপালের কীর্তিপুরে শুক্রবার (৩০ জানুয়ারি) স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা গড়ে তোলে ১৯১ রানের বড় সংগ্রহ। ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলেন, আর জোয়াইরিয়া ফেরদৌস করেন বল সমান ২২ রান। তিন নম্বরে নামা শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন।

মাঝের ওভারে অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। এই জুটি গড়ে তোলে শতরানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ঝোড়ো ব্যাটিংয়ে অল্পের জন্য ফিফটি হাতছাড়া করেন সোবহানা—২৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে করেন ৪৭ রান। অন্যদিকে অধিনায়ক নিগার সুলতানা ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন, তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে কখনোই ম্যাচে ফিরতে পারেনি স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের তোপে ৩৫ রানেই ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে স্কটিশরা ৯ উইকেটে ১০১ রান পর্যন্ত পৌঁছায়।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২৫ রানে ৩টি উইকেট নেন, আর স্বর্ণা আক্তার শিকার করেন ১৩ রানে ২টি উইকেট। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ।

এর আগে টানা পাঁচ জয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।