দলের নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে জরিমানার মুখে পড়েছেন লাহোর কোয়ালান্ডার্স অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজিটি তাকে ১০ লাখ রুপি জরিমানা করেছে, যা দলীয় শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে নেয়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, দলীয় হোটেলে ঘটে যাওয়া একটি ঘটনার পর অভ্যন্তরীণ তদন্ত চালানো হয়। সেই তদন্তের ভিত্তিতেই এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলোয়াড়দের নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট আলোচিত ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ২৮ মার্চ টিম হোটেলে ঘটে যাওয়া ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে এবং পুরো বিষয়টি যাচাই-বাছাই করে দেখেছে। তদন্ত শেষে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, হোটেলে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল ঠিকই, তবে তা গণমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার তুলনায় অনেকটাই অতিরঞ্জিত। তাদের মতে, ঘটনাটি প্রকৃত প্রেক্ষাপটের বাইরে গিয়ে বড় করে দেখা হয়েছে, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত মূলত জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের টিম হোটেলে আগমনকে ঘিরে। এ বিষয়ে রাজা নিজেই দায় স্বীকার করে জানিয়েছেন, পুরো ঘটনাটির দায়িত্ব তার নিজের এবং এতে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির কোনো দোষ নেই। তিনি বলেন, নিজের অনুরোধেই আফ্রিদি নিচে গিয়ে অতিথিদের নিয়ে আসেন, কারণ তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নির্দিষ্ট স্থানের বদলে ব্যক্তিগতভাবে দেখা করতে চেয়েছিলেন। তবে তদন্তের ভিত্তিতে লাহোর কালান্দার্স শৃঙ্খলার স্বার্থে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, দলের ভেতরে জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখতে তারা স্বপ্রণোদিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা ও পর্যবেক্ষণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেও পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই রাতে চারজন অননুমোদিত দর্শনার্থী খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে হোটেলে আসেন। নিরাপত্তাকর্মী ও বোর্ড কর্মকর্তাদের অনুমতি না পাওয়ায় তাদের খেলোয়াড়দের ফ্লোরে যেতে দেয়া হয়নি। অভিযোগ রয়েছে, অনুমতি না মেলা সত্ত্বেও শাহিন ও রাজা নিরাপত্তা বিধি উপেক্ষা করে তাদের হোটেলের কক্ষে নিয়ে যান এবং সেখানে কয়েক ঘণ্টা অবস্থান করেন। যদিও রাজা দাবি করেছেন, তারা প্রায় ৪০ মিনিটের মতো সময় একসঙ্গে ছিলেন।
লাহোর কালান্দার্স তাদের বিবৃতিতে নিরাপত্তাকর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেছে, খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজিটির মতে, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙার চেষ্টা ছিল না; বরং ভুল বোঝাবুঝি থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঘিরে অতিরিক্ত প্রচার-প্রচারণায়ও অসন্তোষ প্রকাশ করেছে দলটি। তাদের দাবি, ঘটনাটিকে অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখানো হয়েছে, যা ফ্র্যাঞ্চাইজি এবং পুরো পিএসএলের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। দুই ম্যাচে এক জয় ও এক হারে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। টুর্নামেন্টের শুরুতে জয় পেলেও সর্বশেষ ম্যাচে তারা পরাজয়ের মুখ দেখেছে।