ফাইনালের আগেই বিশ্বকাপ অভিযান শেষ ইংল্যান্ডের। তবে চুক্তির মেয়াদ আরও অনেক দিন থাকলেও ব্রেন্ডন ম্যাককালামের সামনে অপেক্ষা করছে ‘রিভিউ।’ আছে শঙ্কার ছায়া। তবে নিজের মনোভাব স্পষ্ট করেই জানিয়ে দিলেন তিনি। ইংল্যান্ডের কোচের দায়িত্বে থেকে যেতে চান সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক। অর্জন করতে চান আরও অনেক কিছু। ইংল্যান্ডের কোচের দায়িত্বে ম্যাককালামের মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। মানে আগামী বছরের শেষ পর্যন্ত। তবে গত অ্যাশেজে বাজেভাবে হারার পর থেকে তাকে নিয়ে আলোচনাও চলমান ইংলিশ ক্রিকেটে। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জয়ের সুবর্ণ সুযোগ এবার আছে বলে মনে করা হয়েছিল। কিন্তু চোট-জর্জর অস্ট্রেলিয়া দলের কাছে ৪-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। গত কয়েক মাসে ক্রিকেটারের মাঠের বাইরের নানা ঘটনাও প্রবল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ইংলিশ ক্রিকেটে। সব মিলিয়ে গত জানুয়ারিতে ইংল্যান্ডের বোর্ড ঘোষণা দেয়, সবকিছুর ‘পুঙ্খানুপুঙ্খ’ রিভিউ করা হবে। বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বাদ পড়ার পর এই বিশ্বকাপ রিভিউও নিশ্চয়ই সেই রিভিউয়ের অংশ হবে। তবে ম্যাককালাম এখানেই থামতে চান না। সেমি-ফাইনালের পর স্কাই স্পোর্টসকে ইংল্যান্ডের কোচ মজা করে বললেন, আপাতত বাড়ি ফিরে ফুরফুরে সময় কাটাতে চান ও ভাবতে চান। তবে দায়িত্ব তিনি ছাড়তে চান না। তিনি বলেন,‘দেখুন, কাজটা আমি ভালোবাসি। দারুণ দায়িত্ব এটি। অবশ্যই চ্যালেঞ্জ আছে এখানে, তবে কাজের ধরনই তো এমন। আমার মনে হয়, গত কয়েক বছরে বেশ চমৎকার কিছু অর্জন এসেছে আমাদের। তবে এই দলকে নিয়ে সব সংস্করণেই আরও অনেক কিছু অর্জন করার আছে।’ ম্যাককালাম বলেন. ‘দায়িত্ব যেতে পারলে ভালো লাগবে আমার। আমরা দেখব, সামনের কিছুদিনে কী অপেক্ষায় আছে। আপাতত অনেকটা সময় সফরে কাটানোর পর, এখন বাড়ি ফিরতে চাই এবং আশা করি, ঘোড়দৌড় দেখে এবং বাজেভাবে গলফ খেলে সময় কাটাব এবং পেছন ফিরে তাকাব। ক্রিকেটার হিসেবে হোক বা অধিনায়ক কিংবা কোচ হিসেবে, সবসময়ই এসব ভাবতে হয় যে কোনটি কাজ করছে, কোনটি করছে না এবং শুধরে নেওয়ার জন্য কোন কোন জায়গাগুলি নিশ্চিত করতে হবে।’ বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও যেভাবে বিশ্বকাপে খেলেছে ইংল্যান্ড, সেমি-ফাইনালে ভারতীয় সমর্থকে ঠাসা ওয়াংখেড়েতে ২৫৪ রান তাড়ায় যেভাবে লড়েছে দল, তাতে গর্বের উপকরণ অনেক পেয়েছেন কোচ। ‘দলের ভেতর ছেলেরা আছে যারা ক্রিকেটার হিসেবে, নেতা হিসেবে গড়ে উঠেছে সময়ের সঙ্গে। তরুণ একটি দল হয়েও ভারতকে যেভাবে নাড়িয়ে দিয়েছি আমরা, যতটা কাছাকাছি যেতে পেরেছি এমন বিরুদ্ধ আবহে, অসাধারণ প্রচেষ্টা বলতে হবে এসবকে। ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ করে নিতে না পেরে অবশ্যই আমরা হতাশ, তবে গর্বও আছে অনেক।’ ২০২২ সালের মার্চে দায়িত্ব নেওয়ার পর ইংলিশ ক্রিকেটে নতুন জোয়ার এনেছিলেন ম্যাককালাম। ‘বাজবল’ তো আলোড়ন তোলে গোটা ক্রিকেট বিশ্বেই, তাদের আগ্রাসী ও ভয়ডরহীন ক্রিকেট দারুণ সাড়া জাগায়। তবে বড় কোনো সাফল্য এখনও ধরা দেয়নি।

বিশেষ করে টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের মাঠে বা সফরে গিয়ে কোনো সিরিজ জয় এখনও ধরা দেয়নি। তবে অধিনায়ক হ্যারি ব্রুক পূর্ণ সমর্থন জানালেন কোচকে।‘আমি যত কোচকে পেয়েছি, সবচেয়ে সেরা তিনি। যেভাবে তিনি সবার সঙ্গে কথা বলেন, ড্রেসিং রুমে যেমন প্রভাব তার আছে...। ক্রিকেটার হিসেবে তিনি যা করেছেন, অবিশ্বাস্য এবং কোচিংয়েও তা বয়ে এনেছেন। গত চার বছরে যা করেছেন তিনি, ইংলিশ ক্রিকেটকে বদলে দিয়েছে, আশা করি সেরা কিছুর জন্যই।’