ঢাকা প্রিমিয়ার লিগের চলমান আসরের রেলিগেশন প্রক্রিয়া পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে ঢাকার ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। গত ১৯ মে বিসিবি সভাপতি তামিম ইকবাল বরাবর চিঠি পাঠিয়েছে ব্রাদার্স। ক্লাবের পক্ষ থেকে চিঠিটি পাঠিয়েছেন ব্রাদার্স ক্লাবের আহবায়ক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ব্রাদার্স ইউনিয়নের দাবি, গত ৭ এপ্রিল বিসিবির দায়িত্ব নেওয়ার পর ৯ এপ্রিল ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন তামিম ইকবাল। সেখানে মৌখিকভাবে সিদ্ধান্ত হয়েছিল যে সময় স্বল্পতার কারণে এবারের টুর্নামেন্টে কোনো সুপার লিগ এবং রেলিগেশন থাকবে না, কেবল লিগ পর্বের সর্বোচ্চ জয়ের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। ক্লাবটি জানায়, বোর্ডের এমন আশ্বাসের ওপর ভিত্তি করেই ক্লাবগুলো স্পন্সর সংগ্রহ, বাজেট নির্ধারণ এবং দল গঠন সম্পন্ন করে । কিন্তু গত ১৮ ও ১৯ এপ্রিল খেলোয়াড় দলবদল শেষ হওয়ার পর বিসিবি তাদের অবস্থান পরিবর্তন করে এবং রেলিগেশন লিগ ছাড়াই সরাসরি দল অবনমনের নিয়ম বহাল রাখার কথা জানায়, যা ক্লাবগুলোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঘরোয়া ক্রিকেটের একই মৌসুমে প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগে কোনো রেলিগেশন বা প্রমোশন রাখা হয়নি। ফলে দেশের শীর্ষ ক্রিকেট লিগে ভিন্ন নিয়ম প্রয়োগ করা পক্ষপাতমূলক এবং এটি সমান সুযোগ পাওয়ার নীতিকে ক্ষুণœ করে। ক্লাবটির মতে, বর্ষা মৌসুমের কারণে এবার বৃষ্টিতে প্রায় প্রতিটি ম্যাচই বাধাগ্রস্ত হচ্ছে। ডিপিএলের জন্য নির্বাচিত বেশ কয়েকটি ভেন্যুর ড্রেনেজ ও মাঠের আউটফিল্ড আন্তর্জাতিক মানের না হওয়ায় বৃষ্টির পানি জমে ম্যাচের স্বাভাবিক ফলাফল ও প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হচ্ছে বলে চিঠিতে অভিযোগ করা হয়।