বাংলাদেশ সফরে আজ ৮ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। তবে দলের আগেই পাকিস্তান দলের কোচিং স্টাফের একটি অংশ গতকাল ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই তারা এসে প্রস্তুতি শুরু করেছেন। গতকাল দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাকিস্তান দলের পাঁচ সদস্যের কোচিং স্টাফ ঢাকায় অবতরণ করেন। দুপুর ১২টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি তারা টিম হোটেলে যান তারা। এই কোচিং স্টাফ দলের নেতৃত্বে আছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তার সঙ্গে এসেছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলি নফকে, ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। টুর্নামেন্ট শেষে অধিকাংশ ক্রিকেটার দেশে ফিরে গেলেও কোচিং স্টাফের কয়েকজন সদস্য শ্রীলঙ্কাতেই অবস্থান করছিলেন। সেখান থেকেই তারা সরাসরি বাংলাদেশে এসে দলের প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন। এরই মধ্যে বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান দল। করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে চলছে তাদের প্রস্তুতি ক্যাম্প। সেখানে অনুশীলনের মাধ্যমে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। এই ক্যাম্প শেষ করে পাকিস্তান দল ঢাকার উদ্দেশে রওনা দেবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, দলের ক্রিকেটাররা আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সিরিজের আগে ১০ মার্চ অনুশীলন করবে দু’দল। এরপর ১১ মার্চ প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে পারিবারিক কারণে নিয়মিত টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। তার পরিবর্তে ভারপ্রাপ্ত টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইরতাজা কুমাইল।
দলের সঙ্গে আরও থাকছেন ব্যাটিং কোচ হানিফ মালিক, পারফরম্যান্স বিশ্লেষক তালহা এজাজ, মিডিয়া ম্যানেজার সৈয়দ নাঈম আহমেদ, নিরাপত্তা ব্যবস্থাপক সালমান লিয়াকত, দলীয় চিকিৎসক ড. ওয়াজিদ আলি রফাই এবং ম্যাসিউর মুহাম্মদ এহসান। অন্যদিকে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দলও। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে অনুশীলনে নেমেছেন টাইগাররা। দু’দলের মধ্যকার এই ওয়ানডে সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তেজনা।
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি
৯ মার্চ: পাকিস্তান দলের ঢাকা আগমন।
১০ মার্চ: অনুশীলন সেশন।
১১ মার্চ: প্রথম ওয়ানডে, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা।
১৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা।
১৫ মার্চ: তৃতীয় ওয়ানডে, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা।
পাকিস্তান স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসাইন।