আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান দলের। কিন্তু বর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের আসন্ন ঘরের মাঠের সিরিজ অনিশ্চয়তার মুখে পড়েছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে সূত্রের বরাত জিও সুপার জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে সফরটি অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতির যদি এর চেয়ে উন্নতি হয়, ভ্রমণঝুঁকি বা নিরাপত্তা শঙ্কা যদি কমে, তবেই কেবল সফরটি এগোতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিরিজ স্থগিতের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পায়নি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নজমুল আবেদীন বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিকল্পনায় কোনো পরিবর্তন এনেছে কি না, সে বিষয়ে তারা দোলাচলে আছেন। যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে তারা ভ্রমণ করতে পারবে না, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পিসিবির কাছ থেকে কোনো চিঠিপত্র পাইনি। তিনি আরও জানান, নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের জন্য বিসিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের পর এটাই হবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ফেরার সিরিজ। পাশাপাশি আগামী বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে দুই দলের জন্যই এটি আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বকাপটি আয়োজিত হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে।