টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র চার দিন বাকি থাকতে চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। গতকাল সোমবার দেশটির ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করে।

শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। ২০১৪ সালের আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবার মাঠে নামবে অলরাউন্ডার দাসুন শানাকার নেতৃত্বে।

দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিস, কুশল জনিথ পেরেরা ও চারিথ আসালাঙ্কা। অলরাউন্ডার বিভাগে দলের শক্তি বাড়াবেন সাবেক অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার সঙ্গে থাকছেন কামিন্দু মেন্ডিস ও দুনিথ ওয়েলালাগে।

পেস আক্রমণের দায়িত্বে থাকবেন দুশমন্ত চামিরা ও মাথিশা পাথিরানা। স্পিন বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মাহিশ থিকশানা।

গ্রুপ ‘বি’-তে থাকা শ্রীলঙ্কা ৮ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর পাল্লেকেলেতে ১২ ফেব্রুয়ারি ওমান এবং ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে সহ-আয়োজক দলটি।

এদিকে বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে শ্রীলঙ্কা। সিরিজে এখন পর্যন্ত সফরকারীরা ২–০ ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

শ্রীলঙ্কার চূড়ান্ত দল

দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জনিথ পেরেরা, চারিথ আসালাঙ্কা, জনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা ও ইশান মালিঙ্গা।