বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মুশতারি ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পাওয়ার গৌরব অর্জন করলেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে এই সম্মান প্রথমবার পান নাহিদা আক্তার। অসাধারণ পারফরম্যান্সের জন্য সোবহানা এই পুরস্কার জিতেছেন নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে। টুর্নামেন্টে বাংলাদেশের নারীরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে।
গ্লোবাল কোয়ালিফায়ারের প্রথম ছয় ম্যাচে সোবহানা করেছেন ২২৯ রান, গড় ৪৫.৮০ এবং স্ট্রাইক রেট ১৪৫.৮৫, যা দলের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে। ওই ম্যাচে সোবহানা নিজের সর্বোচ্চ ৫৯ রান করে ম্যাচ সেরাও হন। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রান করেন।এই পারফরম্যান্সের কারণে তিনি আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নরিসকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নেন।
এদিকে পুরুষদের বিভাগে জানুয়ারির মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধারাবাহিক দুটি সেঞ্চুরি করে তিনি নিউজিল্যান্ডকে সিরিজ জয় এনে দেন। মিচেলের তিন ম্যাচে ৩৫২ রান করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩১ এবং তৃতীয় ম্যাচে ১৩৭ রান করেন। এতে করে তিনি সিরিজের সেরা খেলোয়াড় এবং ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বসেন। এতে করে তিনি ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ডের ব্যাটার জো রুটকে পেছনে ফেলে এগিয়ে গেছেন।