ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে–এর ২০২৬ মৌসুমে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।
১০০ বলের এই টুর্নামেন্ট, যা টি–টোয়েন্টি স্বীকৃত, সেখানে এবারই প্রথম খেলতে যাচ্ছেন মোস্তাফিজ।
এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার ছিলেন। তাদের একজন মোস্তাফিজুর রহমান এবং অন্যজন স্পিনার রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ার–ওয়ানে থাকা রিশাদ কোনো দল পাননি।
৩০ বছর বয়সী মোস্তাফিজকে তার ভিত্তিমূল্যেই দলে নিয়েছে বার্মিংহাম। সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত এই নিলামে অংশ নেয় মোট আটটি ফ্র্যাঞ্চাইজি।
বার্মিংহাম ফিনিক্স দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা–এর সঙ্গে।
দ্য হানড্রেডের পঞ্চম আসর শুরু হবে আগামী ২১ জুলাই।