টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠছে আজ। ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে ২০টি দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে স্বাগতিক ভারত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ দল। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এরপর নতুন করে হালনাগাদ সূচি প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। প্রায় একমাস ধরে এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলাপ হয়েছে। আইসিসি বাংলাদেশের অনড় অবস্থানের বিপরীতে তাদের দাবি মেনে নেয়নি। বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়। মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সহ-আয়োজক ভারত ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগে সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই মঞ্চ কাঁপাবেন ঋষভ শর্মা ও শিবামণি। এর পরই ঘটবে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। জেটপ্যাক পরা এক শিল্পীর মাধ্যমে আকাশপথে স্টেডিয়ামে প্রবেশ করবে বিশ্বকাপের ঝকঝকে ট্রফি। ট্রফিটিকে স্বাগত জানাবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তাদের সঙ্গে থাকবে অংশগ্রহণকারী ২০টি দেশের প্রতিনিধিত্বকারী ২০ জন শিশু, যাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হবে এবারের বিশ্বকাপের। এরপর শুরু হবে বিনোদনের মূল পর্ব। জনপ্রিয় র‌্যাপ শিল্পী বাদশা পরিবেশন করবেন হাই-এনার্জির লাইভ শো। তার পরেই নৃত্যের জাদুতে দর্শকদের মাতাবেন নোরা ফাতেহি। তাকে সঙ্গ দিবে বিশাল নৃত্যদল।

শেষ মুহূর্তে দুজন শিল্পী একসঙ্গে হাজির হবেন শেষটা রাঙাতে। যার পর থাকবে চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনী। টি-টোয়েন্টি ক্রিকেটের গতি ও উত্তেজনাকে সামনে রেখে সাজানো এই অনুষ্ঠানেই সূচনা হবে দশম আসরের বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা জুড়ে চার গ্রুপে ভাগ হয়ে ২০ দল লড়বে মোট ৫৫টি ম্যাচে, লক্ষ্য একটাই; বিশ্বসেরা হওয়ার গৌরব। উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন কেবল ম্যাচের টিকিটধারীরা। আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে, যাতে এই অনন্য আয়োজনের কোনো মুহূর্তই মিস না হয়।