দাপুটে জয়ে ওমানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তারা ৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখেই হারিয়েছে মধ্যপ্রাচের দেশটিকে। ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল বোলারদেরই। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের সামনে ওমানের ব্যাটসম্যানরা লক্ষ্য দিতে পেরেছিল মাত্র ১০৪ রান। তাদিওয়ানাশে মারুমানি আর ব্রায়ান বেনেটের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দলটি। চতুর্থ ওভারে জোড়া শিকার করেন সুফিয়ান মেহমুদ। এই পেসারের বলে মারুমানি ১১ বলে ২১ করে ফেরেন। ডিয়ন মায়ার্সকে রানের খাতাই খুলতে পারেননি। তবে বেনেট আর অভিজ্ঞ ব্রেন্ডন টেলর দেখেশুনে খেলে সহজ জয়ের পথে নিয়ে যান জিম্বাবুয়েকে। রান নেয়ার সময় পায়ে টান লাগায় টেলর ৩০ বলে ৩১ করে মাঠ থেকে উঠে যান। বেনেট ৩৬ বলে ৭ বাউন্ডারিতে ৪৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে জিম্বাবুয়ের তিন পেসারের তোপে ১৯.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় ওমান।টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জিম্বাবুইয়ান বোলারদের তোপের মুখে পড়ে ওমান। ২৭ রানে ৫ উইকেট হারায় দলটি। প্রথম পাঁচ ব্যাটারের কেউ দুই অংক ছুঁতে পারেননি।
দলের বিপর্যয়ে হাল ধরেন সুফিয়ান মেহমুদ আর ভিনায়েক শুক্লা। শুক্লা ২১ বলে ২৮ করে আউট হন। সুফিয়ানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৫। ৯৬ রানে ৯ উইকেট হারানো পর নাদিম খানের ব্যাটে একশ পার হয় ওমান। নাদিম ১৮ বলে করেন ২০ রান। তিন পেসার রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি আর ব্র্যাড ইভান্স নেন তিনটি করে উইকেট।