প্রথমবারের মতো বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের সব প্র¯‘তি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিসিবি। গতকাল বুধবার এই টুর্নামেন্টের প্রথম সমন্বয় সভায় আয়োজনের সূচী চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্দা উঠবে এই প্রতিযোগিতার, যা শেষ হবে ১৪ এপ্রিল। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান ও নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা সভা শেষে প্র¯‘তির বিষয়ে বলেছেন, আয়োজন ঘিরে প্রস্তুতি জোরেশোরেই চলছে। গভর্নিং কাউন্সিল ও ওয়ার্কিং কমিটি একসঙ্গে বসে টুর্নামেন্টটি কীভাবে সর্বোচ্চ মানে আয়োজন করা যায়, তা নিয়ে নিয়মিত বৈঠক করছে।

এবারের আসরের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানে শুরুর দিকের ম্যাচগুলো শেষে টুর্নামেন্ট ঢাকায় ফিরবে। রুবাবা দৌলা জানিয়েছেন, ‘উৎসবের আমেজ দিতে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।’ শুরুতে ৩ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা থাকলেও এক দিন পিছিয়ে ৪ এপ্রিল থেকে মাঠে খেলা গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চট্টগ্রামের ভেন্যু প্রসঙ্গে রুবাবা জানান, দীর্ঘদিন সেখানে নিয়মিত ম্যাচ না হওয়ায় নতুন উদ্দীপনা তৈরির লক্ষ্যেই বন্দরনগরীকে বেছে নেয়া হয়েছে।

প্রথম আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে এবং সব মিলিয়ে ছয়টি লিগ ম্যাচ ও একটি ফাইনাল অনুষ্ঠিত হবে। ড্রাফট প্রক্রিয়ার মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হবে জানিয়ে রুবাবা বলেছেন, ‘আশা রাখছি যে এখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ারসও আসবে, তাদেরকেও আমরা একটা অপরচুনিটি দিচ্ছি, মিনিমাম দুইজন আমরা বলেছি এবং ম্যাক্সিমাম হয়তো তিন থেকে চার, আমরা ফাইনাল করবো এই ব্যাপারগুলো।’ টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী তিনটি দল অংশ নেবে এবং লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। প্রথম পর্বের ছয়টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলো ফাইনালে লড়বে। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে বিসিবি নিলামের বদলে ড্রাফট পদ্ধতি অনুসরণ করবে।

বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে রুবাবা দৌলা জানান, ‘একাদশে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ তিন থেকে চারজন বিদেশি খেলার সুযোগ থাকতে পারে। আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং ভারতীয় খেলোয়াড়দের প্রসঙ্গে স্পষ্ট করে বলেন, কোনো দেশের ওপর আলাদা নিষেধাজ্ঞা নেই। যে দল চাইবে এবং যে খেলোয়াড় আগ্রহ দেখাবেন, তাদের জন্য দরজা খোলা।’

ফ্র্যাঞ্চাইজি মালিক নির্বাচনের ক্ষেত্রেও বোর্ডের একটি নির্দিষ্ট মানদণ্ড থাকবে বলে জানান তিনি। রুবাবা বলেছেন, ‘যারা টিম ওনার্স হবে আমরা সেভাবে করে সিলেকশনগুলো করবো। এটা ফার্স্ট টাইম হতে যাচ্ছে, আশা করি আমরা ভালো কিছু দল মালিক পাবো যারা ওই ধরনের সামর্থ্য আছে এবং ও যাতে করে এটা সুন্দরভাবে আমরা এটা করতে পারি।’