সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন। চট্টগ্রাম-১০ আসনের একটি ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। গতকাল বৃহস্পতিবার বেলা প্রায় ১১টার দিকে কাজির দেউরি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছান তামিম।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে কেন্দ্রে প্রবেশে সহায়তা করেন। ভোটগ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তামিম জানান, এটাই তার জীবনের প্রথম ভোট। পুরো প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ ছিল বলেও মন্তব্য করেন তিনি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন উল্লেখ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান দেশের এই তারকা ক্রিকেটার। ভোটাধিকার প্রয়োগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম জানান, ‘ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন।’

তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।’ ভোট দেয়ার প্রক্রিয়াটি কতটা সহজ ছিল তা উল্লেখ করে তামিম আরও বলেন, ‘পুরো প্রসেসটা অনেক ইজি (সহজ)। আমি আশা করি, সবাই এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাবেন এবং নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করবেন।’

এছাড়া জাতীয় নারী দলের তারকা পেসার মারুফা আকতারও প্রথমবার ভোট দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভোট দেওয়ার পরের ছবি প্রকাশ করে ভোটাধিকার প্রয়োগ করার কথা জানান এই তারকা। এদিন ঢাকা-৯ আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। রংপুর নিজ এলাকায় প্রথমবার ভোট দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।

এ ছাড়া প্রথমবার ভোট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। নিজ এলাকা দৌলতপুরে ভোট দিয়েছেন তিনি। প্রথমবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও। জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার আসিফ আকবর কুমিল্লায় ভোট দিয়েছেন।

সবমিলিয়ে এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।