আইসিসির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা আসার পরও নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই অবস্থান আরও আনুষ্ঠানিকভাবে জানাতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যেখানে যুক্ত হয়েছে নতুন একটি দাবি। সর্বশেষ পাঠানো চিঠিতে বিসিবি আইসিসির কাছে অনুরোধ করেছে, ভেন্যু পরিবর্তনসংক্রান্ত বিষয়টি যেন সংস্থাটির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। সাধারণত কোনো বিতর্কিত ইস্যু তৈরি হলে আইসিসির স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটিই বিষয়টির নিষ্পত্তি করে থাকে।
বিসিবি সূত্রে জানা গেছে, নিজেদের অটল অবস্থানের কথা জানিয়ে আবারও আইসিসি বরাবর ই-মেইল করেছে বিসিবি। তাতে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে। বিসিবির আশা, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে আইসিসি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আর কিছু বলেনি। আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব। ফলে আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলার সুযোগ পাবে। গত বুধবার আইসিসি বাংলাদেশকে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়েই বিশ্বকাপে অংশ নিতে হবে। তবে এই সিদ্ধান্ত মানতে রাজি নয় বিসিবি। ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বোর্ড। ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না এই অবস্থান থেকে এখনো একচুলও সরেনি বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উউপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি পরিষ্কার ভাষায় জানান, বাংলাদেশের সিদ্ধান্ত বদলানোর কোনো সম্ভাবনাই নেই। আইসিসি অবশ্য বুধবারের নির্দেশনার পর থেকে এ বিষয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করেনি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখনো পর্যন্ত নতুন কোনো অবস্থান জানায়নি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সবগুলো ম্যাচই সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ মুম্বাইয়ে। বাংলাদেশের আপত্তির পরও এই সূচিতে কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে বিসিবিও নিজেদের অবস্থানে অনড়। ফলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না এমন সম্ভাবনাই ক্রমে জোরালো হচ্ছে। বিশ্বকাপ ঘিরে এই অচলাবস্থা এখন শুধু ক্রীড়াঙ্গনের মধ্যেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে সহআয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে নানা আলোচনার পর আইসিসি তাদের অনুরোধ ফিরিয়ে দেয়। এরপর গ আসিফ নজরুল জানিয়ে দেন, ভারতে কোনোভাবেই বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।
আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, তারা লড়াই চালিয়ে যাবেন। ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ সেটারই অংশ। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের দুই শহরÑকলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।