টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অসিরা। গতকাল শ্রীলংকার পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রথম পর্বের বাঁধা টপকাল জিম্বাবুয়ে। এর আগে ২০২২ সালে প্রথম পর্ব টপকিয়ে সুপার টুয়েলভে খেলেছিল তারা। জিম্বাবুয়ের আগে এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে ৩টিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে আছে লংকানরা। জিম্বাবুয়ের সুপার এইট নিশ্চিত হওয়ায় এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। ৩ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি হারে ২ পয়েন্ট আছে অসিদের। জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি ঘিরে চলছিল অনেক হিসাব-নিকাশ। এই লড়াইয়ের ফলাফলের ওপর নির্ভর করছিল তিন দলের সুপার এইটে খেলার ভাগ্য। কিন্তু খেলা তো দূরের কথা, টসই হতে দিল না বৃষ্টি। তাতে বিশ্বকাপের পরের ধাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে, আশা শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের। পাল্লেকেলেতে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আইরিশদের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু বাঁধ সাধল প্রকৃতি। দফায় দফায় বৃষ্টির হানায় শেষ পর্যন্ত হলো না মাঠের লড়াই। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তাতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠল জিম্বাবুয়ে। একই মাঠে সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই সুপার এইটে খেলা নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কা। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে আসরের সহ- আয়োজকরা। ওমানকে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল জিম্বাবুয়ে। পরের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নেয় সিকান্দার রাজার দল। পরের ধাপে যেতে আইরিশদের বিপক্ষে এক পয়েন্ট প্রয়োজন ছিল তাদের। বৃষ্টির দাপটে হলোও তাই। আর সুপার এইটে খেলার আশা কিছুটা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়েকে হারানোর বিকল্প ছিল না আয়ারল্যান্ডের। কিন্তু সেই সুযোগই পেল না তারা। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে আইরিশরা। তিন ম্যাচে কেবল একটি জেতা অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই। শেষ ম্যাচ তারা খেলবে ওমানের বিপক্ষে, আগামী শুক্রবার। বাছাইপর্ব উতরাতে না পেরে গত বিশ্বকাপ খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার বাছাইয়ে অপরাজিত ছিল তারা। মূল মঞ্চেও দারুণ ছন্দে আছে দলটি। শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফ্রিকার দলটি।