সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে জয় পেয়েছে অগ্রণী ও অপরাজেয়। গতকাল টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অগ্রণী। পিকেএসপি-১ মাঠে অনুষ্ঠিত ম্যাচে অগ্রণী ৫ উইকেটে হারিয়েছে দুরন্তকে। হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অগ্রণী। প্রথম দুই ম্যাচ জয়ের পর অবশেষে হারের দেখা পেল দুরন্ত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে ওপেনার মোহাম্মদ পরাণকে হারায় দরন্ত। আগের ম্যাচে ১১৭ রান করা পরান এবার ৩ রানে আউট হন। এরপর ২৬ রান করে করেন উদয় ভূইয়া ও সাব্বির লস্কর। উপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় ১০২ রানে পঞ্চম উইকেট হারায় দুরন্ত। ষষ্ঠ উইকেটে জুটি বেঁেধ অগ্রণীর বোলারদের উপর চড়াও হন মিনহাজুল আবেদিন ও ইয়াসিন আরাফাত। শেষ ৬ ওভারে ৮৩ রান যোগ করেন তারা। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ পায় দুরন্ত। ৫টি করে চার-ছক্কায় ২শর বেশি স্ট্রাইক রেটে ৩২ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন মিনহাজুল। ২টি করে চার ও ছক্কায় ১৬ বলে ৩২ রানের মারমুখী ইনিংস খেলেন আরাফাত। অগ্রণীর আবির হোসেন ৪৪ রানে ৩ উইকেট নেন। জবাবে ২৯ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর রাহানুর ইসলাম শুহিনকে ৫৫ এবং মামুনুর রশিদের সাথে ৭৪ রানের জুটি গড়ে অগ্রণীর জয়ের পথ সহজ করেন রিয়াজুল করিম। রাহানুর ৩টি চার ও ৫টি ছক্কায় ২৬ বলে ৪৯ এবং মামুনুর ২৪ রানে আউট হলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন রিয়াজুল। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেন রিয়াজুল। শেষ দিকে ২ ছক্কায় ৭ বলে ১৬ রান করে অগ্রণীর জয়ে অবদান রাখেন অধিনায়ক নবিন ইসলামও।
দিনের অপর ম্যাচে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে অপরাজেয় দল। গতকাল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে অপরাজেয় ৪ রানে হারিয়েছে অদ্বিতীয়কে। ৩ ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আছে অপরাজেয়। সমানসংখ্যক ম্যাচে দ্বিতীয় হারে ২ পয়েন্ট আছে অদ্বিতীয়র। টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৫০ বলে ৫৩ রানের সূচনা করেন অদ্বিতীয়র দুই ওপেনার আহসানুর রহমান ও তওসিফ। তবে ৬ বল ও ২ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন দু’জনে। আহসানুর ৩০ ও তওসিফ ২৩ রান করেন। মিডল অর্ডারে পারভেজ হাসান ১১, আশফাক আহমেদ ১৫ ও অধিনায়ক তওহিদ খান ৫ রানে আউট হলে ৫ উইকেটে ৮৮ রানে পরিণত হয় অপরাজেয়। তবে ডেথ ওভারে ছোট ছোট ইনিংস খেলে অপরাজেয়কে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানের লড়াকু পুঁজি এনে দেন রাকিক ইসলাম শ্রাবণ, আসাদুজ্জামান প্রিন্স ও শেখ নাহিদ। রাকিক ৩টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে ৩২, প্রিন্স ১২ বলে ১৩ ও নাহিদ ৭ বলে ১৬ রান করেন। অদ্বিতীয়র ছয় বোলার ১টি করে উইকেট নেন। জবাবে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অদ্বিতীয়। চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন ওপেনার সাজ্জাদ মির্জা ও মোহাইমাইনুল খান। দলীয় ১১৭ রানের মধ্যে দু’জনই বিদায় নিলে হারের শঙ্কায় পড়ে অদ্বিতীয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে ম্যাচ হারে তারা। সাজ্জাদ সর্বোচ্চ ৪৬ ও মোহামাইনুল ৩২ রান করেন।