মোস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএলে তৈরি হওয়া বিতর্কের পর ভারতে বাড়তে থাকা বাংলাদেশবিরোধী মনোভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এ অবস্থায় টি–টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত ম্যাচ ভারত থেকে সরানোর সম্ভাবনা ভেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটি বলেছে, এখন সূচি বদলানো অত্যন্ত কঠিন—তাদের ভাষায় এটি হবে “লজিস্টিক দুঃস্বপ্ন”। পিটিআইকে দেওয়া মন্তব্যে বিসিসিআইয়ের এক সূত্র জানায়, হোটেল ও বিমান টিকিটসহ প্রতিপক্ষ দলের সব ব্যবস্থা আগেই সম্পন্ন। প্রতিদিন তিনটি করে ম্যাচ, তার একটি শ্রীলঙ্কায়—এ অবস্থায় সম্প্রচার ব্যবস্থাপনা পর্যন্ত জটিলতায় পড়বে।

মোস্তাফিজ ইস্যু থেকেই বিষয়টি তীব্র হয়। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাকে আইপিএল ২০২৬-এর আগে দল থেকে ছেড়ে দেয়। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া সত্ত্বেও ‘সাম্প্রতিক পরিস্থিতি’ উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জরুরি বৈঠকে বসে বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে আইসিসিকে চিঠি দেওয়ার প্রস্তুতিও চলছে—যেখানে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পুনর্বিবেচনার অনুরোধ থাকবে।

সরকারের উপদেষ্টা আসিফ নজরুল জানান, চুক্তিবদ্ধ হয়েও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থাকবে। তাই তিনি প্রস্তাব করেছেন—বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।

আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। গ্রুপ ‘এ’-তে থাকা বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। ১৭ ফেব্রুয়ারি নেপালের সঙ্গে ম্যাচটি নির্ধারিত আছে মুম্বাইয়ে।