টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বয়কটের আলোচনা এখনও চলমান। সেই পরিস্থিতির মধ্যেই নতুন খবর। টুর্নামেন্টটির জন্য ইতোমধ্যে কলম্বোগামী ফ্লাইট বুক করেছে পাকিস্তান দল। টেলিকম এশিয়া স্পোর্টকে একটি সূত্র জানায় ‘বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে লাহোর থেকে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে কলম্বো যাওয়ার টিকিট বুক করেছে।’ বর্তমানে অস্ট্রেলিয়া দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে লাহোরে অবস্থান করছে। সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে গতকাল। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ১ ফেব্রুয়ারি। এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসিন নাকভি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ তোলেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়াকে ‘অন্যায়’ বলেও মন্তব্য করেন। গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকও করেন নাকভি। সেখানে তিনি জানান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আজ শুক্রবার অথবা আগামী সোমবার। টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেও বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক পিসিবি সভাপতি নাজাম শেঠি ও রমিজ রাজাসহ প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং সামরিক নেতৃত্বের সঙ্গেও পরামর্শ করেন নাকভি। সূত্রের দাবি, সাবেক দুই বোর্ডপ্রধানই পাকিস্তান দলকে শ্রীলঙ্কায় পাঠানোর পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন না করার পরামর্শও দিয়েছেন তারা। হাইব্রিড মডেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের বহুল আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়।
ক্রিকেট
বয়কট আলোচনার মধ্যেই বিমানের টিকিট বুক পাকিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বয়কটের আলোচনা এখনও চলমান। সেই পরিস্থিতির মধ্যেই নতুন খবর।