অস্ট্রেলিয়ায় আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ। বিÑগ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এরই মধ্যে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের ক্যাম্পে ২৯ ফুটবলার ডাক পেলেও অভিজ্ঞ সাবিনাসহ বেশ কয়েকজন তারকা ফুটবলারকে রাখা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোচের সমালোচনা হলে নিজের ব্যাখ্যা দিয়েছেন কোচ পিটার বাটলার। বর্তমানে তিনি সাফ অনূর্ধ্ব-১৯ নারী দলের কোচ হিসেবে নেপালের পোখরায় অবস্থান করছেন।ফেসবুকে লিখেছেন, ‘আমি একটি বিষয় পুরোপুরি পরিষ্কার করে দিতে চাই যে, আমি এখনও চূড়ান্ত দল ঘোষণা করিনি, সবার জন্যই সুযোগ উন্মুক্ত রয়েছে। আমরা বর্তমানে খেলোয়াড়দের নিয়ে একটি প্রাথমিক অনুশীলন দল গঠন করেছি। লিগে পাওয়া চোটের কারণে কয়েকজনের খেলা নিয়ে সংশয় রয়েছে।’ এরপরই বিদেশে ক্যাম্প করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে ইংলিশ কোচ বলেছেন, ‘আমাদের প্র¯‘তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশে অনুশীলন ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়নি। তাই আমি নেপালে অনূর্ধ্ব-১৯ দলটিকে পর্যবেক্ষণ করার পাশাপাশি এই বর্তমান দলটিকে সাত দিনের জন্য মূল্যায়ন করছি। অনূর্ধ্ব-১৯ দলের এক-দুই জন অসাধারণ তরুণ প্রতিভা, তারা এএফসি এশিয়ান কাপের জন্য আমাদের বিবেচনায় রয়েছে।’ পাশাপাশি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন বাটলার, ‘এটি দুর্ভাগ্যজনক যে, আমরা বিদেশে ক্যাম্পের ব্যবস্থা করতে পারিনি, তবে আমরা অত্যন্ত ইতিবাচক এবং উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের একদল রোমাঞ্চকর তরুণ খেলোয়াড় রয়েছে, যারা ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের জার্সি গায়ে গর্বের সাথে লড়াই করবে।’ এশিয়ান কাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। সূচি অনুযায়ী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ হবে। ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে রুপনা চাকমরা।