সৌদি আরবের জেদ্দায় আটকা পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম আজ সোমবার দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় কয়েকদিন ধরে জেদ্দায় অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার। গতকাল রোববার কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানিয়েছেন, মুশফিকের বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখছেন এবং তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি বলেছেন, মুশফিকের বিষয়টি আমি ভালোভাবে অবগত আছি। ইতোমধ্যে তার সঙ্গে কথা হয়েছে। আশা করছি আজ (রোববার) রাতে একটি ফ্লাইটে করে তিনি দেশে ফিরতে পারবেন। এখন পর্যন্ত তিনি সুস্থ ও নিরাপদ আছেন।

জানা গেছে, ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন মুশফিক। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল তার। সে অনুযায়ী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন তিনি। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়ায় ফ্লাইটটি মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরে আসে। মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এর জেরে ওই অঞ্চলে আকাশপথে চলাচল নিয়ে সতর্কতা জারি করা হয়। নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত ঘোষণা করে। একই সিদ্ধান্ত নেয় আরও কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স। ফলে বহু যাত্রী সৌদি আরবসহ বিভিন্ন দেশে আটকা পড়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শঙ্কার কথা জানিয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ (শনিবার) সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’ ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’ যোগ করেন তিনি।