আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে এক নজরে দেখে নেয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকা। এই তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, জস বাটলার, মাহেলা জয়াবর্ধনে, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকারা।
১. বিরাট কোহলি (১,২৯২ রান)
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৩৫ ম্যাচে তিনি করেছেন ১,২৯২ রান, যেখানে তার ব্যাটিং গড় ৫৮.৭২;যা এই তালিকায় সর্বোচ্চ। বড় মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই কোহলির নাম স্বাভাবিকভাবেই সামনে আসে।
২. রোহিত শর্মা (১,২২০ রান)
ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানো এই ওপেনার টুর্নামেন্টের ইতিহাসে ৪৭ ম্যাচে সংগ্রহ করেছেন ১,২২০ রান। তার ব্যাটিং গড় ৩৪.৮৫।
৩. মাহেলা জয়াবর্ধনে (১,০১৬ রান)
শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং স্তম্ভ মাহেলা জয়াবর্ধনে রয়েছেন তৃতীয় স্থানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে তিনি করেছেন ১,০১৬ রান, গড় ৩৯.০৭। চাপের ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য পরিচিত জয়াবর্ধনে বিশ্বকাপ ইতিহাসে নিজের আলাদা ছাপ রেখে গেছেন।
৪. জস বাটলার (১,০১৩ রান)
ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার চতুর্থ স্থানে অবস্থান করছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৫ ম্যাচে তার সংগ্রহ ১,০১৩ রান, গড় ৪২.২০। ওয়ার্নারকে পেছনে ফেলে তালিকায় এগিয়ে থাকা বাটলার আসন্ন বিশ্বকাপে নিজের অবস্থান আরও শক্ত করতে চাইবেন।
৫. ডেভিড ওয়ার্নার (৯৮৪ রান)
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নার এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪১ ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ৯৮৪ রান। তার গড় ২৫.৮৯। আগ্রাসী ব্যাটিং ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ওয়ার্নার দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন।