বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গতকাল শনিবার সকাল থেকে একাধিক সংবাদমাধ্যমে আইপিএল সম্প্রচার পুনরায় চালুর বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত যে তথ্য প্রচার করা হয়েছে, তা মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে ওই তথ্য সঠিক নয় বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের নেয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা এখনো কার্যকর আছে।
একই সঙ্গে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে চিঠি পাঠিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অবস্থান পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়।