বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রিমিয়ার ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৫-২৬ এর বগুড়া জেলার চ্যাম্পিয়ন হয়েছে বীট মডেল স্কুল এন্ড কলেজ। ফাইনালে তারা বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজকে ১১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের রাফিদ ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। শুক্রবার সকালে শহীদ চান্দু ষ্টেডিয়ামে টসে জিতে বীট মডেল স্কুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রতিপক্ষের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বীট মডেল স্কুল। এরপর দলনেতা রাফিদ এবং সুফিয়ান মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষের বোলারদের মোকাবেলা করতে থাকে। এই জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে ১৫৬ রানের বিশাল পূঁজি স্কোর বোর্ডে যোগ করে। দলীয় ১৭০ রানের মাথায় ব্যক্তিগত ৯৩ রান করে আউট হন রাফিদ। মাত্র ২ রান পর সাজঘরে ফিরে যায় রাফিদের পার্টনার সুফিয়ান। তার সংগ্রহ ছিল ৫৮ রান। এরপর বীট মডেল স্কুলের ব্যাটিং লাইন ধ্বসে পড়ে বালুর বাঁধের মত। লোয়ার অর্ডারে কোন ব্যাটসম্যান ক্রিজে টিকতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ২১০ রানে শেষ হয় বীট মডেল স্কুলের ইনিংস। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বাফিন ৩টি এবং তামিম ২টি উইকেট শিকার করে। জবাবে বীট মডেল স্কুলের বোলারদের বোলিং তোপে ৩৪ দশমিক ২ বলে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে জয়। নাঈমের ব্যাট থেকে আসে ২০ রান। বীট মডেল স্কুলের শয়ন ৫টি এবং ইয়িিছন ২টি উইকেট লাভ করে। বীট মডেল স্কুল এন্ড কলেজের অধিনায়ক রাফিদ অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, বীঠ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত, শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, রাজশাহী বিভাগীয় আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল, বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি, জেলা কোচ রিফাত হাসান প্রমুখ।