তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। গতকাল ভোর সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান দলটি। এরপর সেহরি সম্পন্ন করে বিমানবন্দর ত্যাগ করেন ক্রিকেটাররা। সেখান থেকে সরাসরি টিম হোটেলে চলে যান তারা। ১১ বছর পর শুধু ওয়ানডে খেলতে পাকিস্তান এসেছে বাংলাদেশ। গত বছরই তারা বাংলাদেশ সফর করেছিল। সেবার খেলেছিল কেবল টি-টোয়েন্টি। এর আগে ২০২১ সালে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছিল। তবে ২০১৫ সালে বাংলাদেশে পূর্ণাঙ্গ সফর করে মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মিসবাহ উল হকরা। ১১ বছর পর দুই দল ঢাকায় খেলবে ওয়ানডে ম্যাচ। আজ থেকে অনুশীলন শুরু করবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন তরুণ দল। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দেশ ছাড়ার আগে হোম ভেন্যুতে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিনি বলেন, বাংলাদেশ হোম ভেন্যুতে কঠিন প্রতিপক্ষ। সবসময়ই তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। তারা কন্ডিশন থেকেও সাহায্য পায়। তবে আমাদের যে কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছে, তাদের সেখানে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। যা সিরিজে কাজে দেবে। জুনিয়ররাও তাদের কাছ থেকে শিখতে পারবে। এর আগে শনিবার ঢাকায় পা রাখেন কোচ মাইক হেসনসহ কোচিং স্টাফের পাঁচ সদস্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ তারিখ বাংলাদেশে আসার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান সংকট অনিশ্চয়তায় ফেলে দেয় সিরিজটির ভাগ্য। তবে সব শঙ্কা দূরে ঠেলে পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করে একদিন আগেই বাংলাদেশে আসে পাকিস্তান দল। পাকিস্তানের এই বহরে আছেন ক্রিকেটার ও ম্যানেজাররা। পাকিস্তানের এবারের সফরে নেই বাবর আজম, সাইম আইয়ুব, ফখর জামানরা। বাবর ও সাইম ফর্মের কারণে বাদ পড়েছেন। ফখর জামান নেই চোটের কারণে। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার হলেন শাহিবজাদা ফারহান, আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মাদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও শামিল হুসাইন। ফুল দিয়ে পাকিস্তান দলকে বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ পার করবে, সেই আশা।’ সিরিজ শুরুর আগে সোমবার ও মঙ্গলবার পাকিস্তান দলের জন্য দুটি অনুশীলন সেশন নির্ধারিত আছে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে শুক্রবার ও রোববার। তিনটি ম্যাচই হবে ঢাকা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে পাকিস্তান দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
পাকিস্তান স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।