সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মিশনে ভারতকে হারিয়ে আরও একধাপ এগিয়ে গেল অপরাজিত বাংলাদেশ। যে কোনো খেলায় বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা।

সাম্প্রতিক সময়ে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমন মুহূর্তে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেপালের পোখড়ায় মুখোমুখি হয়েছিল দল দুটি। সে লড়াইয়ে ২-০ গোলে ভারতকে হারিয়ে ফাইনালে খেলার পথ মসৃণ করে নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। রাউন্ড রবিন লিগে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ দল। নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারতের এটি প্রথম হার। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

সোমবার নেপালের পোখরায় অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচের শুরুটা দাপুটে করেছে বাংলাদেশে নারীরা। ভারতকে চাপে রেখে প্রথমার্ধেই আদায় করে নেয় দুই গোল। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ওই গোলে এগিয়ে গিয়ে ম্যাচে নিজের আধিপত্যের জানান দেয় লাল-সবুজের মেয়েরা। অর্পিতার গোলে অনুপ্রাণিত হয়ে ৪০ মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার। দুই ডিফেন্ডারের মাঝ খান থেকে দারুণ দক্ষতায় বল জালে পাঠান বাংলাদেশের এই ফরোয়ার্ড। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও বাংলাদেশের আক্রমণ অব্যাহত ছিল। কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।

টানা দুই ম্যাচ জয়ে দুরুন খুশি ইংলিশ কোচ পিটার বাটলার। ম্যাচের পর কোচ বলেছেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিছু চোট ছিল, কয়েকজনের ব্যথা ছিল। কিন্তু আমার মনে হয়, প্রথম দিকের হালকা ঝড়, চাপ, যা ইচ্ছা তাই বলুন, আমরা সেটা কাটিয়ে উঠেছি।’

এই ম্যাচে যোগ্যতর দল হিসেবে বাংলাদেশ জিতেছে- এমনটি জানিয়ে বাটলারের মূল্যায়ন, ‘ওই সময়ও ভেবেছিলাম চালিয়ে যাবো এবং সত্যিই খুব ভালোভাবে খেলাটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ম্যাচে ভারতের অবশ্যই গোলের সুযোগ তৈরির সুযোগ ছিল। তাদের কিছু সত্যিই ভালো খেলোয়াড় আছে এবং আমি মনে করি, তারা আমাদের চেয়ে লম্বা, শারীরিকভাবে আরও বেশি শক্তিশালী। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটখাট গড়নের এবং দুর্বল। তবে, আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আমরা জয়ের যোগ্য ছিলাম।’ রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।