তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি শেষে ১-১ সমতা থাকায় বাংলাদেশ-পাকিস্তানের রোববারের ম্যাচটি কার্যত পরিণত হয়েছিল ফাইনালে। আর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসিটা টাইগারদেরই।
সালমান আগার দলকে ১১ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দার”ণ এই জয়ে একটি সুখবরও পেল বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বর থেকে নয়ে উঠে এল মেহেদী হাসান মিরাজের দল। এতে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে ওই বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।
এর আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও র্যাঙ্কিংয়ে দশ থেকে সামনে এগোতে পারেনি বাংলাদেশ। যদিও তখন রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১ পার্থক্যে নিয়ে এসেছিল টাইগাররা। এবার পাকিস্তানকে হারিয়ে সেই খরা কাটাল টাইগাররা। ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে ২-১ ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। দশে নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট ৭৭।
সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।