বিশ্বকাপে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে গেল স্বাগতিক ভারত। সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে ভারত ৭২ রানে হারায় জিম্বাবুয়েকে। এর মাধ্যমে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে সেমির দৌড়ে টিকে রয়েছে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জিম্বাবুয়ে। এ ম্যাচে ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে প্রোটিয়ারা।
গ্রুপ পর্বে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাবে। চেন্নাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের মারমুখী ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করে ভারত। টি-টোয়েন্টিতে এটি ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশ্বকাপে কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কোন দলের এটি সর্বোচ্চ রান। ৪টি করে চার ছক্কায় ৩০ বলে ৫৫ রান করেন অভিষেক শর্মা। ২ চার ও ৪ ছক্কায় ২৩ বল খেলে ৫০ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। এছাড়া তিলক ভার্মা ১৬ বলে ৪৪, ইশান কিশান ২৪ বলে ৩৮ ও অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করেন।
জিম্বাবুয়ের চার বোলার ১টি করে উইকেট নেন। জবাবে ওপেনার ব্রায়ান বেনেটের দুর্দান্ত ইনিংসের পরও লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করে হার মানে তারা। ৮টি চার ও ৬টি ছক্কায় ৫৯ বলে সর্বোচ্চ ৯৭ রান করেন বেনেট। ২টি করে চার-ছক্কায় ২১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। ভারতের অর্শদীপ সিং ২৪ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন পান্ডিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৬/৪ (স্যামসন ২৪, আভিশেক ৫৫, ইশান ৩৮, সুরিয়াকুমার ৩৩, পান্ডিয়া ৫০*, তিলাক ৪৪*; এনগারাভা ৪-০-৬২-১, মুজারাবানি ৪-০-৪৩-১, মাপোসা ২-০-৪০-১, ইভান্স ৪-০-৫২-০, রাজা ৩-০-২৯-১, বেনেট ২-০-১৬-০, বার্ল ১-০-১০-০)
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৮৪/৬ (বেনেট ৯৭*, মারুমানি ২০, মায়ার্স ৬, রাজা ৩১, বার্ল ০, মুনিয়োঙ্গা ১১, মুসেকিওয়া ৭, ইভান্স ১*; আর্শদিপ ৪-০-২৪-৩, পান্ডিয়া ৩-০-২১-০, বুমরাহ ৩-০-২১-০, ভারুন ৪-০-৩৫-১, আকসার ৪-০-৩৫-১, দুবে ২-০-৪৬-১)
ফল: ভারত ৭২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হার্দিক পান্ডিয়া