তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের এই দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও লিটন কুমার দাস। প্রায় দেড় বছর পর ওয়ানডেতে ফিরেছেন ২৬ বছর বয়সি আফিফ। ২০২৪ সালের ডিসেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। গেল বিসিএল ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে ফর্মহীনতার কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় এই উইকেটকিপার ব্যাটারকে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। এদিকে, ক্যারিবিয়ান সিরিজের বাদ থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। তাদের জায়গায় দলে ফিরেছেন দুই পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।