আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বিপিএলের নতুন ট্রফি। গতকাল মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স এর মধ্যেকার ফাইনালের আগে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় নতুন ট্রফি। এর আগেই ট্রফি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে এটি তৈরি হওয়াকে কেন্দ্র করে। ফাইনালের দিন পর্যন্ত ট্রফিটি জনসমক্ষে না আসায় সমর্থকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সবচেয়ে বড় চমক হলো হেলিকপ্টারে করে সরাসরি মাঠে নিয়ে আসা হয়েছে ট্রফিটি। যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশের সাবেক অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন এই বিশেষ দায়িত্ব পালন করেছেন।

আকাশপথে ট্রফির আগমন ফাইনালের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। তবে বিপিএলের ট্রফি নিয়ে রহস্য ছিল টুর্নামেন্ট শুরুর আগের থেকেই। শূন্য হাতে শুরু হয়েছিল বিপিএলের দ্বাদশ আসর। হয়নি ট্রফি উন্মোচন। ছিল না ক্যাপ্টেন্স মিট। কড়া সমালোচনার পর বিসিবি আগ বাড়িয়ে জানিয়ে দেয়, বিপিএলের ট্রফি নিয়ে উৎকণ্ঠাই চাচ্ছিলেন তারা! কারণ, প্রথমবারের মতো হীরাখচিত ট্রফি এসেছে বিপিএলের জন্য। আর ট্রফিটি বাবদ বিসিবিকে গুনতে হয়েছে ২৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৩০ লাখ টাকারও বেশি। তবে এবারের ফাইনালে কোনো দীর্ঘ সাংস্কৃতিক আয়োজন রাখা হয়নি। দর্শকদের জন্য ছিল সীমিত পরিসরের আতশবাজি। এবারের বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার খেলতে ওঠা সিলেট টাইটান্সকে পরাজিত করে ফাইনালের দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেয় রাজশাহী।

এদিকে গতকাল ফাইনাল শুরুর আগেই ফাইনালে দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের জার্সি পড়ে স্টেডিয়ামের ৫টি গেটের সামনে দুপুর থেকেই সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছেন দর্শকরা। সূচি অনুযায়ী ম্যাচ মাঠে গড়ায় সন্ধ্যা ৬টায়। গেট খুলে বেলা সাড়ে ৩টায়। অথচ ঘড়ির কাঁটায় ১২টা বাজার আগেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশে পাশে ভিড় করা শুরু করেন দর্শকরা। গত ২৬ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা ওঠে এবারের বিপিএলের। এরপর ২৮ দিন, ৩৩ ম্যাচ আর নানা আলোচনা-সমালোচনা শেষে আর কয়েক ঘণ্টা পরই ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামে দ্বাদশ আসরের। বেলা ৩টা ২০ মিনিটে খুলে দেওয়া হয় সব গেট। এরপর নদীর স্রোতের মতো একে একে ঢুকতে শুরু করেন দর্শকরা, মাঠে ঢুকে আগেভাগে নিজের সিট দখলে নেওয়াই মূল উদ্দেশ্য।