নারী ক্রিকেটারদের জন্য নতুন করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 'বিসিবি উইমেন্স কাপ' নামে আগামী ৫মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে ৮ দলের এই টুর্নামেন্ট। এতে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। আসন্ন এই টুর্নামেন্টে ৮ দলে মোট ১১২ জন ক্রিকেটার অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এ ছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হবে।

এদিকে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে সেটা পিছিয়ে গেছে জুলাইয়ে। নতুন সূচি অনুযায়ী, ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে তিন দলের নারী বিপিএল। আগামী ২১ জুলাই মিরপুরে স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ।