আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পাওয়া জেমস কোলস নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার। ২১ বছর বয়সী অলরাউন্ডারকে মনে করা হচ্ছে দারুণ সম্ভাবনাময়। নিলামের টেবিলের ঝড়ের আভাস ছিল আগেই। কাড়াকাড়ি পড়ে যাওয়ার আলোচনাও ছিল। তবে সেসব অনুমানকেও ছাড়িয়ে দা হান্ড্রেডের নিলামে তুমুল তোলপাড় ফেলে দিলেন জেমস কোলস। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি বা সেই সম্ভাবনা জাগাতে পারেননি তিনি। কিন্তু ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট আসরের প্রথম নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার তরুণ এই স্পিনিং অলরাউন্ডার। পাঁচ ফ্র্যাঞ্চাইজির তীব্র লড়াইয়ের পর নিলামে কোলসকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নেয় লন্ডন স্পিরিট। ৭৫ হাজার ভিত্তিমূল্যের ক্রিকেটারের জন্য প্রথম বিড করে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। পরে লড়াইয়ে নামে বার্মিংহাম ফিনিক্স ও ট্রেন্ট রকেটস। ২ লাখ ২০ হাজার পাউন্ডে লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স লিডস। ২ লাখ ৬০ হাজার পাউন্ড থেকে লড়াইয়ে ক্ষান্তি হয় রকেটস। তখনই প্রথমবারের মতো মঞ্চে আবির্ভাব লন্ডন স্পিরিটের। শেষ পর্যন্ত তারাই জিতে নেয় কোলসকে। টুর্নামেন্টের গত আসরে ৩১ হাজার পাউন্ডে সাউদার্ন ব্রেভে খেলেছিলেন তিনি। এবার পেলেন ১২ গুণেরও বেশি অর্থ! গত আসর থেকে এই নিলামের আগ পর্যন্ত মাঝের সময়টাতে ২১ বছর বয়সী অলরাউন্ডারের পারফরম্যান্স এমন যে, তাকে নিয়ে তুমুল আগ্রহ জন্ম নেয় দলগুলির। ডানহাতি এই ব্যাটসম্যান ও বাঁহাতি স্পিনারকে দারুণ সম্ভাবনাময় মনে করা হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। সাসেক্সের ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক হয় মাত্র ১৬ বছর বয়সে। এই ২১ বছর বয়সেই পাঁচ মৌসুম কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা হয়ে গেছে তার। কাউন্টির ডিভিশন ওয়ানে গত মৌসুমে ১৪ ম্যাচে ৪টি করে সেঞ্চুরি ও ফিফটিতে ১ হাজার ৩২ রান করেছেন তিনি, বল হাতে ৩৩.২৫ গড়ে নিয়েছেন ২০ উইকেট। মৌসুম শেষে ইংল্যান্ড লায়ন্সের (ইংল্যান্ড ‘এ’ দল) অস্ট্রেলিয়া সফরে ডাক পান তিনি। তবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে তাকে আগেই নিয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। পরে বাবা আর এজেন্টের সঙ্গে বসে কোলস ঠিক করেন, অস্ট্রেলিয়ায় লায়ন্সের লাল বলের সিরিজের সফরের চেয়ে এসএ টোয়েন্টিকে বেছে নেবেন তিনি। সেই সিদ্ধান্তের পেছনে বড় প্রভাবক ছিল অন্যান্য লিগের ভাবনাও। এসএ টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকপক্ষ সবাই আইপিএল দলগুলির কর্ণধার। দা হান্ড্রেডেও চারটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা এখন ভারতীয় তথা আইপিএল-সংযুক্ত। আইপিএল, হান্ড্রেডসহ নানা লিগের জন্য নজর কাড়ার সুযোগ হিসেবে নেন তিনি এসএ টোয়েন্টিকে। এই টুর্নামেন্টে শুরুতে সুযোগ না পেলেও পরে ৭ ম্যাচ খেলে ব্যাটে-বলে সম্ভাবনার ঝলক দেখিয়ে নজর কাড়েন এবং অবদান রাখেন দলের শিরোপা জয়ে। এরপর কদিন আগে আলো ছড়ান তিনি ইংল্যান্ড লায়ন্সের হয়ে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে সিরিজে। টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি, এক ম্যাচে রান করেন ৩০ বলে ৪৮। পরে একমাত্র লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট নেন ২টি। এবারের ইংলিশ গ্রীষ্মে নিশ্চিতভাবেই তার আন্তর্জাতিক অভিষেক হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী বছর বাংলাদেশ সফরে টেস্ট ক্যাপ পেয়ে যাবেন বলে মনে করছেন অনেকে। গত মৌসুমে কাউন্টিতে হাজারের বেশি রান করার পাশাপাশি ২০ উইকেট নিয়েছেন কোলস। ছবি:সাসেক্স ইনস্টাগ্রাম। গত মৌসুমে কাউন্টিতে হাজারের বেশি রান করার পাশাপাশি ২০ উইকেট নিয়েছেন কোলস। ছবি:সাসেক্স ইনস্টাগ্রাম। পারফরম্যান্সের ঝলকেই তাকে নিয়ে আগ্রহ বাড়তে থাকে দলগুলির। তবে এতটা ঝড় উঠবে, সেটা হয়তো ভাবতে পারেননি তিনি নিজেও। এবারের হান্ড্রেডের চতুর্থ সবচেয়ে দামি ক্রিকেটার ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। এই আসরের সবচেয়ে দামি ক্রিকেটার হ্যারি ব্রুক। ইংল্যান্ডের অধিনায়ক ৪ লাখ ৬৫ হাজার পাউন্ডে খেলবেন সানরাইজার্স লিডসে। ৪ লাখ ৫০ হাজার পাউন্ডে ওয়েলশ ফায়ার পেয়েছে ফিল সল্টকে, ৪ লাখ পাউন্ডে সাউদার্ন ব্রেভ পেয়েছে জফ্রা আর্চারকে। এই তিনজনকেই নিলামের আগে সরাসির চুক্তিতে নিয়েছে দলগুলি। নিলামের সবচেয়ে দামি তাই কোলসই। নিলামের দ্বিতীয় দামি ক্রিকেটার জর্ডান কক্স। ওয়েলশ ফায়ার তাকে নিয়েছে ৩ লাখ পাউন্ডে। ২ লাখ ৬০ হাজার পাউন্ডে টম কারান খেলবেন এমআই লন্ডনে, ২ লাখ ২৫ হাজার পাউন্ড সাউদার্ন ব্রেভে আদিল রাশিদ। নিলামে প্রথম দল পাওয়া ক্রিকেটার ছিলেন জো রুট (২ লাখ ৪০ হাজার পাউন্ডে ওয়েলশ ফায়ারে)। কোলসকে না পেয়ে সানরাইজার্স লিডস ২ লাখ ১০ হাজার পাউন্ডে নেন ড্যান লরেন্সকে। সমান দামে স্কট কুরিকে নেয় বার্মিংহাম ফিনিক্স। বিদেশিদের মধ্যে নিলামে সর্বোচ্চ ২ লাখ পাউন্ডে এইডেন মার্করামকে নেয় ম্যানচেস্টার সুপার জায়ান্টস। আইপিএল ও এসএ টোয়েন্টিতেও একই মালিকানার দলে খেলেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হান্ড্রেডে দল পান মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে তাকে নেয় ফিনিক্স।
ক্রিকেট
নিলামে ঝড় তোলা কে এই কোলস
আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পাওয়া জেমস কোলস নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার। ২১ বছর বয়সী অলরাউন্ডারকে মনে করা হচ্ছে দারুণ সম্ভাবনাময়। নিলামের টেবিলের ঝড়ের আভাস ছিল আগেই। কাড়াকাড়ি পড়ে যাওয়ার আলোচনাও ছিল।
Printed Edition