আগামী ১২ মার্চ লন্ডনে বসছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের বহুল প্রতীক্ষিত প্লেয়ার ড্রাফট। এবারের নিলাম ঘিরে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত প্রকাশিত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মাত্র দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। বাংলাদেশ থেকে মোট ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রাথমিক বাছাই শেষে যে সংক্ষিপ্ত তালিকা তৈরি হয়েছে, সেখানে টিকে আছেন শুধু মুস্তাফিজ ও রিশাদ। বাকি ২১ জনই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। এর মধ্যে আছেন লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, সৌম্য সরকারসহ আরও অনেকে। ক্যাটাগরি অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে ১ লাখ পাউন্ডের দলে, যা বিদেশি পেসারদের মধ্যে একটি উল্লেখযোগ্য মূল্যমান। অন্যদিকে লেগস্পিনার রিশাদ আছেন ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। গত এক বছরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই তারা শর্টলিস্টে জায়গা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এবারের ড্রাফটকে ঘিরে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মালিকানার সঙ্গে যুক্ত চারটি ফ্র্যাঞ্চাইজি রাজনৈতিক কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর অনানুষ্ঠানিক ‘শ্যাডো ব্যান’ দিতে পারে। অর্থাৎ, তাদের জন্য বিড না করার নীতিগত সিদ্ধান্ত থাকতে পারে। তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয় আয়োজক সংস্থা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা এবং টুর্নামেন্টের আট ফ্র্যাঞ্চাইজি এক যৌথ বিবৃতিতে জানায়, খেলোয়াড় নির্বাচন হবে পারফরম্যান্স, প্রাপ্যতা ও দলের প্রয়োজনের ভিত্তিতে কোনো রাজনৈতিক বিবেচনায় নয়। ইসিবির প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের ড্রাফটে মোট ৭১০ জন ক্রিকেটার নিবন্ধন করেন। এর মধ্যে ৬৩ জনই ছিলেন পাকিস্তানি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রায় ৭৫ থেকে ১১০ জন খেলোয়াড়ের পছন্দের তালিকা জমা দিতে বলা হয়। সেই প্রাথমিক বাছাই শেষে ২৪৩ জনকে শর্টলিস্ট করা হয়েছে, যেখানে পাকিস্তানের আছেন ১৪ জন। চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। আর ১২ মার্চ নিলামের শুরুতেই ডাকা হবে ১০ জন মার্কি ক্রিকেটারের নাম সেই তালিকায় আছেন পেসার হারিস রউফ। এবারের ড্রাফটে দেশি ও বিদেশি দুই ধরনের মার্কি ক্রিকেটার রাখা হয়েছে। ঘরোয়া মার্কি হিসেবে আছেন জো রুট, জনি বেয়ারস্টো ও আদিল রশিদদের মতো ইংলিশ তারকারা। বিদেশি মার্কি তালিকায় রয়েছেন এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারিন, ড্যারিল মিচেল এবং হারিস রউফ। ফলে নিলামের শুরু থেকেই উত্তেজনা থাকবে চরমে। ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর। গত বছর দলগুলোর শেয়ার বিক্রির মাধ্যমে প্রথমবারের মতো বেসরকারি বিনিয়োগকারীরা যুক্ত হয়েছেন টুর্নামেন্টে। বিশেষ করে আইপিএল-সংযোগের কারণে তিনটি দলের নামেও পরিবর্তন এসেছে, যা ফ্র্যাঞ্চাইজি কাঠামোয় নতুন বাণিজ্যিক মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে, বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এবারের ড্রাফট কিছুটা হতাশার হলেও মুস্তাফিজ ও রিশাদের জন্য এটি বড় সুযোগ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রমাণের আরেকটি প্ল্যাটফর্ম পাচ্ছেন তারা। এখন দেখার বিষয়, ১২ মার্চের নিলামে কোন দল তাদের ডাকে সাড়া দেয় এবং কেমন হয় তাদের হান্ড্রেড যাত্রা।
ক্রিকেট
দ্য হান্ড্রেডের চূড়ান্ত তালিকায় মুস্তাফিজ-রিশাদ
আগামী ১২ মার্চ লন্ডনে বসছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের বহুল প্রতীক্ষিত প্লেয়ার ড্রাফট। এবারের নিলাম ঘিরে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল তুঙ্গে।
Printed Edition