দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরল স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৯১ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। অকল্যান্ডে আগামী ২০ মার্চ মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ। গতকাল হ্যামিল্টনের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে কিউইরা। জবাবে ১৫.৩ ওভারে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৬০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন কিউই ওপেনার ডেভন কনওয়ে। এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মাহারাজ। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। তবে একপ্রান্ত আগলে ধরে রেখে ব্যক্তিগত ফিফটি তুলে নেন কনওয়ে। তার ৪৯ বলে ৬০ রানের ইনিংসে ছিল ৫ বাউন্ডারি ও ২ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন জশ ক্লার্কসন। এছাড়া নিক কেলি ২১ ও দলনেতা মিচেল স্যান্টনার ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন উইয়ান মুল্ডার। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্জ লিন্ডে। এছাড়া উইয়ান মুল্ডার ১৬, রুবিন হারমান ১৯, জেসন স্মিথ ১২ ও ডিয়ান ফরেস্টার ১০ রান করেন। বাকিরা দুই অঙ্কের কোটা স্পর্শ করতে না পারায় ১০৭ রানেই গুটিয়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন লকি ফার্গুসন ও বেন সিয়ার্স। মিচেল স্যান্টনার নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৫/৬ (কনওয়ে ৬০, ল্যাথাম ১১, রবিনসন ১, কেলি ২১, স্যান্টনার ২০, নিশাম ৮, ম্যাকনকি ১৮*, ক্লার্কসন ২৬*; কুটসিয়া ৪-০-২৮-১, মোকায়েনা ৪-০-২২-০, বার্টম্যান ৪-০-৩১-১, মহারাজ ৩-০-৪৫-১, লিন্ডা ৩-০-৩৩-১, মুল্ডার ২-০-১৪-২)

দক্ষিণ আফ্রিকা: ১৫.৩ ওভারে ১০৭ (মুল্ডার ১৬, এস্তারহুইজেন ৮, ডি জর্জি ১, হার্মান ১৯, স্মিথ ১২, ফরেস্টার ১০, লিন্ডা ৩৩, কুটসিয়া ২, মহারাজ ০, মোকায়েনা ০, বার্টম্যান ০*; জেমিসন ৩-০-২২-০, ফার্গুসন ৩.৩-১-১৬-৩, সিয়ার্স ৩-০-১৪-৩, স্যান্টনার ৩-০-১৯-২,ম্যাকনকি ২-০-২৪-১, নিশাম ১-০-১০-১)

ফল: নিউ জিল্যান্ড ৬৮ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচ শেষে ১-১ সমতা

ম্যাচ সেরা: ডেভন কনওয়ে