স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাবেক তারকাদের প্রদর্শনী ম্যাচে মোহাম্মদ রফিক একাই হয়ে উঠলেন ম্যাচের কেন্দ্রবিন্দু। মাঠে তার উপস্থিতি ছিল একদম তরুণ ক্রিকেটারের মতোই। পুরোনো দিনের সেই পরিচিত দৃশ্য। বাঁহাতি স্পিন, ঝাঁজালো ব্যাটিং আর উদযাপন। সব মিলিয়ে আবারও মুগ্ধ করলেন মোহাম্মদ রফিক। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট মাঠে লাল-সবুজ দুই দলে ভাগ হয়ে নামেন দেশের সাবেক ক্রিকেটাররা। একদিকে ছিলেন শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা; অন্যদিকে রফিক, খালেদ মাসুদ পাইলটদের দল। তবে শেষ পর্যন্ত লড়াইটা একপেশেই হয়ে যায়। রফিকের দাপটে ১২৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় লাল দল। প্রথমে ব্যাট করতে নেমে লাল দল গড়ে তোলে বিশাল সংগ্রহ; ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান। এই ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাসির উদ্দিন ফারুক, ৫৩ বলে খেলেন ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। তবে দর্শকদের আসল উচ্ছ্বাস ছিল রফিককে ঘিরেই। মাত্র ২৩ বলেই তুলে নেন অর্ধশতক। চার-ছক্কার দারুণ মিশেলে তার ৫০ রানের ইনিংস যেন সময়কে পেছনে ফিরিয়ে নেয়। অর্ধশতক পূরণের পরের বলেই আউট হলেও নিজের কাজটা ঠিকই সেরে দেন তিনি। সবুজ দলের হয়ে ফয়সাল হোসেন ৪ ওভারে ৪৩ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া রাজ্জাক, তালহা জুবায়ের ও আনোয়ার হোসেন একটি করে উইকেট পান। ২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সবুজ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় ইনিংস। শাহরিয়ার নাফিস ৩৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, আশরাফুলের এক ওভারে দুটি ছক্কাও হাঁকান তিনি। কিন্তু দলের অন্য কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। এদিকে বল হাতে আবারও আলো ছড়ান রফিক। নিজের প্রথম বলেই উইকেট নিয়ে ম্যাচে জানান দেন। এরপর একে একে মোট ৪ উইকেট শিকার করেন তিনি। তার উদযাপন ছিল নজরকাড়া- নাচতে নাচতে উইকেট উদযাপন দেখে বোঝার উপায় ছিল না, তিনি ৫৫ বছরের একজন সাবেক ক্রিকেটার। তার সঙ্গে বোলিংয়ে দারুণ সহায়তা দেন ইলিয়াস সানি, যিনি একাই নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত ১২৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় লাল দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন মোহাম্মদ রফিক। সেটিই ছিল তার একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি উপস্থিতি। তবে সময় বদলালেও নিজের সামর্থ্য যে একেবারেই ফুরিয়ে যায়নি, সেটার প্রমাণ আবারও দিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। প্রতি বছরের মতো এবারও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে বিসিবি। সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় এই লড়াই।

সবুজ দল : শাহরিয়ার নাফীস, জাভেদ ওমর বেলিম, আবদুল হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসাইন ডিকান্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসাইন বিদ্যুৎ, মোহাম্মদ সালিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসাইন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হুসাইন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু। কোচ: খন্দকার ওয়াহিদুল গণি ম্যানেজার: ফারুক আহমেদ

লাল দল : জাহাঙ্গীর আলম, মেহরাব হোসাইন ওপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মো. এহসানুল হক, খালেদ মাসুদ পাইলট, আনোয়ার হোসাইন (উইকেটকিপার), মো. তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।