প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নারী উইং থেকে বলা হয়েছে, টি-টোয়েন্টি লিগ এবছর ৩-১৫ এপ্রিল পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টটি হবে বাংলাদেশের ইতিহাসে নারীদের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি টোয়েন্টি প্রতিযোগিতা। যা দেশের নারী ক্রিকেটের পেশাদারিত্বের উন্নয়নে অন্যতম পদক্ষেপ। উদ্বোধনী আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। যেখানে জাতীয় দলের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও খেলার সুযোগ পাবেন। ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতির মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের নির্বাচন করা হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার খেলোয়াড়দের সাথেও চুক্তি করার সুযোগ পাবে, যা আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টের মান ও বৈশ্বিক পরিচিতি বৃদ্ধি করবে। ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করবেন বিসিবি পরিচালক ও বিসিবি নারী উইংয়ের চেয়ারময়ান রুবাবা দৌলা। টুর্নামেন্ট সংক্রান্ত সকল সাংগঠনিক বিষয় এই কাউন্সিল তদারকি করবে। ফ্র্যাঞ্চাইজি, ড্রাফটের নিয়মাবলী, প্রতিযোগিতার ফরম্যাট, ফিক্সচার, ভেন্যু, সম্প্রচার এবং বাণিজ্যিক অংশীদারিত্ব সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানিয়ে দেওয়া হবে। দল গঠনের জন্য অনুসরণ করা হবে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতি। এছাড়া টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরও মাঠ মাতাতে দেখা যাবে। এই ঐতিহাসিক টুর্নামেন্টের সফল বাস্তবায়নে গভর্নিং কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও মহিলা উইং-এর চেয়ারম্যান রুবাবা দৌলা।