প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দু’বার চ্যাম্পিয়ন ভারত। এ ছাড়া ভারতই কেবল দু’বারের অধিক (তিনবার) শিরোপা জিতেছে সংক্ষিপ্ত সংস্করণের সর্বোচ্চ এই প্রতিযোগিতায়। তবুও ভারতকে ২০২৬ বিশ্বকাপের সেরা দল মানেন না ইংল্যান্ডের সাবেক তারকা স্টিভ হারমিসন। গত ৮ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ২৫৫ রান তোলে ভারত। সেই লক্ষ্য তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ। মিচেল স্যান্টনারের দল ১৫১ রানেই গুটিয়ে যাওয়ায় ভারত রেকর্ডগড়া ম্যাচটি ৯৬ রানে জিতেছে। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকাকেই এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক দল বলে মনে করেন হারমিসন। দুই ভারতীয় ওপেনার অভিষেক-স্যামসনের ব্যাটে চড়ে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পথ তৈরি হয় বলেও দাবি সাবেক এই ইংলিশ পেসারের। টকস্পোর্টসের ইউটিউব চ্যানেলের আলোচনায় হারমিসন বলেন, ‘অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের জুটি ভারতের ফাইনাল জেতায় বড় ভূমিকা রেখেছে। আবার টুর্নামেন্টজুড়ে রানবন্যার পিচেও পার্থক্য গড়ে দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। আমি মনে করি না ভারত টুর্নামেন্টের সবচেয়ে সেরা দল। দক্ষিণ আফ্রিকাই সেরা দল, তবে ভারত সেরা “মুহূর্তের” দল। তারা সবচেয়ে সেরা মুহূর্তটাতে জিতেছে।’ মূলত বিশ্বকাপের দশম আসরটিতে কেবল এক ম্যাচ হারলেও, গ্রুপপর্বের পারফরম্যান্সে ভারতকে ধারাবাহিক মনে হয়নি হারমিসনের। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। ঘরের মাঠে এমন চাপে পড়ার বিষয়টিও উল্লেখ করেছেন সাবেক এই ইংলিশ তারকা। তিনি বলেন, ‘আমার মনে হয় না গ্রুপপর্বে তাদের খেলা ততটা প্রত্যয়ী ছিল। এরপর তারা ভালো মুহূর্তটা নিজেদের করে নিয়েছে। কোয়ার্টার ফাইনালেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বেশ সংগ্রাম করতে হয়েছে।’ ‘ভারতীয় স্কোয়াডে বড় মুহূর্তের ক্রিকেটার আছে, যে কারণে তারা ভালো না খেললেও ম্যাচ জয়ের মতো মোমেন্টাম তৈরি করতে পেরেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ দল, কেবল একটি ম্যাচ ছাড়া, যেদিন তাদের ছিটকে দিয়েছেন (কিউই ওপেনার) ফিন অ্যালেন। বড় মঞ্চে চাপ সামলানো এবং কার্যকরী হয়ে ওঠা– ভারতের চেয়ে ভালোভাবে এটি আর কেউ করতে পারে না’, আরও যোগ করেন হারমিসন।
ক্রিকেট
ভারতকে সেরা দল মানেন না সাবেক ইংলিশ তারকা
প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দু’বার চ্যাম্পিয়ন ভারত। এ ছাড়া ভারতই কেবল দু’বারের অধিক (তিনবার) শিরোপা জিতেছে সংক্ষিপ্ত সংস্করণের সর্বোচ্চ এই প্রতিযোগিতায়। তবুও ভারতকে ২০২৬ বিশ্বকাপের সেরা দল মানেন না ইংল্যান্ডের সাবেক তারকা স্টিভ হারমিসন।