বাংলাদেশ সফরের জন্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এই সিরিজে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার সাইম আইয়ুবের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই চলছে। তবে ওয়ানডে সংস্করণে বরাবরই কার্যকরী খেলোয়াড় তিনি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচই। ১১ মার্চ শুরু হবে প্রথম ওয়ানডে, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এই ধরণের উইকেটে কার্যকরী ক্রিকেটারকে বাদ দেয়ায় আলোচনা চলছে ক্রিকেট মহলে। বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি নেতৃত্ব দেবেন ওয়ানডে দলকে। তার নেতৃত্বে এবার বেশ কিছু নতুন মুখ সুযোগ পেয়েছেন। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ছয়জন অনভিষিক্ত ক্রিকেটারকে। তারা হলেন আবদুল সামাদ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন। এদের মধ্যে সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিল সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনস দলে খেলেছিলেন। দলে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হারিস রউফ, ফাহিম আশরাফ, হুসেইন তালাত ও সালমান আলি আগা। স্পিন আক্রমণে থাকছেন আবরার আহমেদ ও ফয়সাল আকরাম।

পাকিস্তানের ১৫ সদস্যের দল: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসাইন।