পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচটা মোটেও ভালো হয়নি নাহিদ রানার। তবে নিজের জাত চেনাতে সময় নেননি বাংলাদেশের এই গতিময় পেসার। নিজের দ্বিতীয় ম্যাচেই গতির আগুনে কাঁপিয়েছেন করাচি কিংসকে। তাতে ১৫৯ রানের বিশাল জয় পেয়েছে তার দল পেশোয়ার জালমি। নাহিদ রানা বিধ্বংসী বোলিংয়ে পেশোয়ার জালমির সামনে ১৬.১ ওভারে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে গেলো করাচি কিংস। পেশোয়ার জালমি জয়লাভ করলো ১৫৯ রানের বিশাল ব্যবধানে। সে সঙ্গে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে উঠলো নাহিদ রানা ও শরিফুল ইসলামের দল। শরিফুল নিয়েছেন ১ উইকেট। আগের ম্যাচে হায়দরাবাদ কিংসমেনদের ৪ উইকেটে হারালেও পেশোয়ার জালমির বাংলাদেশি দুই বোলার শরিফুল এবং নাহিদ রানা ছিলেন নিষ্প্রভ। কোনো উইকেট পাননি তারা ওই ম্যাচে। পরদিনই আজ, করাচি কিংসের সামনে রীতিমত আগুন ঝরালেন তারা। ২৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানাদের বোলিং তোপে ৮৭ রানেই অলআউট হয় করাচি। ইফতিখার আহমেদ ২.১ ওভারে ৯ রান দিয়ে নেন ৩ উইকেট এবং সুফিয়ান মুকিম ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট।