টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে পাকিস্তান। গতকাল ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। নেদারল্যান্ডস ও পাকিস্তান উভয় দলেরই শুরুটা ছিল দারুণ। কিন্তু ফাহিমের শেষের ঝড়টাই ম্যাচের পার্থক্য গড়ে দিলো। ১২.১ ওভারেই দলীয় একশ রান পূর্ণ করে নেদারল্যান্ডস। ৩ উইকেটে ১০৫ রান তোলার পরই তাদের বিপর্যয় শুরু হয়। আর ৪২ রান তুলতেই বাকি ৭ উইকেট হারিয়ে বসে ডাচরা। ফলে ১৯.৫ ওভারেই ১৪৭ রানে অলআউট নেদারল্যান্ডস। লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান দলীয় শতক পায় ১২.২ ওভারে। তবে ৯৮ থেকে ১০০ রানের ভেতর হারায় ৩ উইকেট। শেষ পর্যন্ত বিপর্যয় সামলে জয় এসেছে ১৯.৩ ওভারে। শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ওপেনার মাইকেল লেভিটের মারমুখী ব্যাটিংয়ে ৩ ওভারে ২৮ রান তুলে নেদারল্যান্ডস। তবে দলীয় ৩১ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ডাচরা। ৩টি চার ও ১টি ছক্কায় লেভিট ১৫ বলে ২৪ এবং ম্যাক্স ও’ডাউড ৭ বলে ৫ রান করে ফিরেন। এরপর তৃতীয় উইকেটে কলিন অ্যাকারম্যানকে নিয়ে ২২ বলে ৩৪ এবং চতুর্থ উইকেটে স্কট এডওয়ার্ডসের সাথে ২৮ বলে ৪০ রানের জুটি গড়েন বাস ডি লিডে। এতে ১৩তম ওভারে ১শ রান স্পর্শ করে বড় সংগ্রহের ভিত পায় নেদারল্যান্ডস। কিন্তু উইকেটে সেট হওয়া ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় ডাচরা। ডি লিডে ২৫ বলে ৩০, অ্যাকারম্যান ১৪ বলে ২০ এবং এডওয়ার্ডস ২৯ বলে ৩৭ রান করেন। সালমান মির্জা ২৪ রানে ৩টি, মোহাম্মদ নাওয়াজ-আবরার আহমেদ ও সাইম আইয়ুব ২টি করে উইকেট নেন। জবাবে ১৬ বলে ২৭ রানের সূচনা করে পাকিস্তান। ৪টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ২৪ রান তুলে ফিরেন সাইম আইয়ুব। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক সালমান আঘার সাথে ১২ বলে ২৬ এবং তৃতীয় উইকেটে বাবর আজমকে নিয়ে ৩৮ বলে ৪৫ রান যোগ করেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। এতে ১১ ওভারে ৩ উইকেটে ৯৮ রান তুলে সহজ জয়ের পথ পেয়ে যায় পাকিস্তান। কিন্তু ৩১ বল ও ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে পাকিস্তান। ১১৪ রানে সপ্তম উইকেট পতন হয় তাদের। এতে শেষ ২ ওভারে জয়ের জন্য ৩ উইকেট হাতে নিয়ে ২৯ রান দরকার পড়ে পাকিস্তানের। আয়ারল্যান্ড পেসার লগান ভ্যান বিকের করা ১৯তম ওভার থেকে ৩টি ছক্কা ও ১টি চারে ২৪ রান তুলে ম্যাচ পাকিস্তানের হাতে মুঠোয় নিয়ে আসেন ফাহিম। ঐ ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে জীবন পান ফাহিম। শেষ ওভারে ৫ রানের সমীকরণ ৩ বল খেলেই পূরণ করে জয়ের স্বাদ পায় পাকিস্তান। ২টি চার ও ৩টি ছক্কায় ২৬৩ স্ট্রাইক রেটে ১১ বলে অপরাজিত ২৯ রান করেন ফাহিম। ৫ রানে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি। নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকিরেন ২টি করে উইকেট নেন। দলের জয়ে ব্যাট হাতে অবদান রাখায় ম্যাচ সেরা হন ফাহিম।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ১৯.৫ ওভারে ১৪৭ (লেভিট ২৪, ও’ডাউড ৪, ডে লেডে ৩০, অ্যাকারম্যান ২০, এডওয়ার্ডস ৩৭, লায়ন-ক্যাশে ৯, ফন বিক ০, আরিয়ান ১৩, ফন ডা মারওয়া ৪, ক্লাইন ২*, ফন মিকেরেন ০; আফ্রিদি ৩-০-২৮-১, সালমান মির্জা ৩.৫-০-২৪-৩, নাওয়াজ ৪-০-৩৮-২, শাদাব ৪-০-২৮-০, আবরার ৪-০-২৩-২, সাইম ১-০-৭-২)।

পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪৮/৭ (সাহিবজাদা ৪৭, সাইম ২৪, সালমান আগা ১২, বাবর ১৫, উসমান ০, শাদাব ৮, নাওয়াজ ৬, ফাহিম ২৯*, আফ্রিদি ৫*; আরিয়ান ৪-০-৩৩-২, ফন বিক ৪-০-৪৬-১, ক্লাইন ৩-০-২৩-১, ফন ডার মারওয়া ৩-০-১৩-১, ফন মিকেরেন ৪-১-২০-২, ডে লেডে ১.৩-০-১৩-০)।

ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।