বাংলাদেশ সফর করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে মিরপুরে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি অতিথিরা। বাংলাদেশ ম্যাচ জিতেছে ৮ উইকেটে। পাকিস্তানের বিপক্ষে আরো দুই ওয়ানডের পর এপ্রিলে বাংলাদেশ আতিথেয়তা দেবে নিউ জিল্যান্ড ক্রিকেট দলকে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। নিউজিল্যান্ড দলের সফরের আগে তাদের প্রতিনিধি দল গতকাল ঢাকায় এসেছে। তিন সদস্যের প্রতিনিধি দল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় এসেছেন। তারা নিউজিল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন।
ম্যাচ ও অনুশীলন ভেন্যু, হোটেল, স্টেডিয়ামের আসা-যাওয়ার পথ এবং সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থা দেখবেন প্রতিনিধি দল। তাদের রিপোর্টের ভিত্তিতে নিউ জিল্যান্ড সফরের ক্রিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে দুই বোর্ডের প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের ক্রিকেট যুদ্ধ। এরপর হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল মিরপুরে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ২০২৩ সালের পর বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড। সেবার তিন ওয়ানডের সঙ্গে দুই টেস্ট খেলেছিল দুই দল। এবার টেস্ট ম্যাচ নেই। ৩টি করে ওয়ানডে ও টি-টেয়েন্টি খেলবে দুই দল।