অস্ট্রেলিয়ার পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ সোমবার উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।অস্ট্রেলিয়ার পার্থ শহরের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৩ টা)। টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে। গ্রুপ ‘বি’ এর টানা দুই পরাজয়ের পর দুই দলেরই সম্ভাবনা এখন ঝুলে আছে সূক্ষ্ম সুতোয়। তবে আজকের ম্যাচে জয় পেলে তিন গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে পারবে তারা। তাই খেলোয়াড়দের ‘সাহসী ও দুঃসাহসী’ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার।

এবারই প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ। এই পর্যায়ে অভিজ্ঞতার অভাব আগের দুই ম্যাচেই কিছুটা স্পষ্ট ছিল। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ে লড়াই করলেও দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারতে হয়েছে বাটলারের দলকে।

উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগের দিন পার্থে প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে কথা বলেন বাটলার, 'এই টুর্নামেন্টে এসে আমরা একধরনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি, তবে ইতিবাচক দিক থেকে দেখলে এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। ম্যাচে ভালো মুহূর্ত যেমন থাকে, তেমনি কঠিন সময়ও থাকে, ফুটবল আসলে শেখার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা এখানে উজবেকিস্তানের বিপক্ষে খেলতে এসেছি এবং জানি ম্যাচটি কঠিন হবে।'

'তারা কীভাবে খেলবে, তা দেখার বিষয়। তবে আমরা কীভাবে খেলব, তা আমরা জানি। আশা করি আমাদের প্রস্তুতি আমাদের ভালো অবস্থানে রাখবে। প্রতিটি দিনই শেখার দিন। আমাদের দলের গড় বয়স প্রায় সাড়ে ১৯ বছর। আমরা পরের ম্যাচে আশাবাদ নিয়ে নামব, আবার সতর্কও থাকব। এখানে আমরা প্রথমবার খেলছি, তাই হারানোর কিছু নেই। আগের দুই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি আশা নিয়ে শেষ করতে চাই এবং এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে চাই।'

উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিকও হতে পারে। জয় পেলে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি অলিম্পিক বাছাইপর্ব ও বিশ্বকাপ বাছাইয়ের সম্ভাবনাও তৈরি হবে। এ প্রসঙ্গে বাটলার বলেন, 'আগামীকালকের (সোমবার) ম্যাচটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি মাইলফলক হতে পারে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।'

'উজবেকিস্তানের খেলোয়াড়রা খুব শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম। তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমি মনে করি আমাদের টেকনিক্যাল দক্ষতা এবং বল ধরে রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমাদের সাহসী হতে হবে, আমাদের দুঃসাহসী হতে হবে। র‌্যাঙ্কিং এক জিনিস, ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা ৪৯ নম্বরে, আর আমরা ১১২। কিন্তু মাঠে নামার পর সেটা ১১ বনাম ১১। কোচ আস্থা নিয়ে বলেন, তারা অনেক কিছু পার করে এখানে এসেছে। তাই আমি এই দলটির ওপর আস্থা রাখছি, তারা ভাল কিছু করবে।