সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দল গতকাল উৎসবমুখর পরিবেশে দেশে ফিরেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ট্রফি প্যারেড করে তাদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে। এর আগে নারী ফুটবল দল ও ফুটসাল দলের জন্য ফুটবল ফেডারেশন যে রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছিল, শনিবার রাতের আয়োজনটা ছিল ঠিক তেমনই জাঁকজমকপূর্ণ। দ্বিতীয়বারের মতো আঞ্চলিক এই শিরোপা জেতা বাংলাদেশের ফুটবলের জন্য বড় এক মাইলফলক। তবে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি রোনান সুলিভান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমি থেকে আসা এই তরুণ ফরোয়ার্ড লাল-সবুজ জার্সিতে নিজের অভিষেকটা করেছেন স্বপ্নের মতো, যা সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা কিংবা নেপালের বিপক্ষে ফাইনালে জয়সূচক গোলে সহায়তা করাÑসবখানেই রোনান নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে ফাইনালের চরম চাপের মুহূর্তে পঞ্চম পেনাল্টি শটে তার সেই সাহসী 'পানেনকা' গোলটিই বুঝিয়ে দিয়েছে যে, আন্তর্জাতিক ফুটবলের জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি ও কারিগরি দক্ষতা তার আছে। বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে ভালো গোলদাতার খুব অভাব। সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন, রোনানকে খুব দ্রুতই জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। মানিক সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘জাতীয় দলে দীর্ঘদিন ধরে একজন ভালো স্ট্রাইকারের যে অভাব রয়েছে, তা পূরণ করতে হলে রোনানকে ট্রায়াল ক্যাম্পে ডাকা উচিত।’ অভিজ্ঞ এই কোচ আরও বলেন, ‘সে অনূর্ধ্ব-২০ দলের ৯ নম্বর পজিশনে দারুণ খেলেছে। আক্রমণভাগে তার মুভমেন্ট ভালো, পাশাপাশি শুটিং এবং ফ্রি-কিক নেওয়ার ক্ষমতাও চমৎকার।’ যেহেতু বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাকে দেখার সুযোগ নেই, তাই জাতীয় দলের ক্যাম্প এবং ফিফা প্রীতি ম্যাচগুলোতে তাকে পরখ করে দেখার পরামর্শ দিয়েছেন মানিক। যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক ফুটবলার জাইয়ান আহমেদের উদাহরণ টেনে মানিক বলেন, জাইয়ান শুরুতে কিছুটা ধুঁকলেও পরে অনূর্ধ্ব-২৩ দলে নিজের যোগ্যতা প্রমাণ করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলে ১৮ বছর বয়সেই অনেকে জাতীয় দলে খেলে। রোনানের ক্ষেত্রেও আমাদের জায়গা তৈরি করা উচিত। যদিও অনূর্ধ্ব-২০ আর জাতীয় দলের খেলার মান এক নয়, তবুও আমার বিশ্বাস সে জাতীয় দলের হয়ে ভালো করবে।’ উল্লেখ্য টুর্নামেন্ট শুরুর মাত্র দুই মাস আগেও নিশ্চিত ছিল না যে রোনান বাংলাদেশের হয়ে খেলবেন কি না। তবে রোনান নিজে এখন অনেক আত্মবিশ্বাসী। ফাইনাল শেষে তিনি বলেন, ‘জাতীয় দলে খেলাই এখন আমার মূল লক্ষ্য।’ মানিক ফুটবল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যেন প্রবাসী ফরোয়ার্ডদের জন্য জায়গা তৈরি করা হয়। তিনি জানান, দেশের ঘরোয়া লিগে বিদেশি খেলোয়াড়দের আধিপত্যের কারণে স্থানীয় স্ট্রাইকাররা এখন নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না, যা দেশের ফুটবলের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
ফুটবল
রোনানকে ক্যাম্পে ডাকার পরামর্শ কোচ মানিকের
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দল গতকাল উৎসবমুখর পরিবেশে দেশে ফিরেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ট্রফি প্যারেড করে তাদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে।
Printed Edition